স্টোকস-ফোকসের শতকে বড় লিড নিয়েছে ইংল্যান্ড
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস এবং ১২ রানে হেরেছিল স্বাগতিক ইংল্যান্ড। তবে দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়িয়েছে স্টোকসের ইংল্যান্ড। প্রথম দিনটা নিজেদের করে নেয়ার পর, দ্বিতীয় দিনে ব্যাটিং দাপট দেখিয়েছে স্টোকস ও ফোকস।
ম্যানচেস্টার টেস্টে প্রথম দিনেই প্রোটিয়াদের ১৫১ রানে গুঁড়িয়ে দেয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১১ রানে দিন শেষ করে ইংলিশরা। যদিও দ্বিতীয় দিন শুরু করা ইংলিশরা ১৪৭ রান তুলতে হারিয়েছিল ৫ উইকেট।
সেখান থেকে শুরু হয় অধিনায়ক বেন স্টোকস আর বেন ফোকসের জুটি। নামের সঙ্গে ছন্দ মিলিয়েই যেন বড় এক জুটি গড়েন এই দুজন। ৩২৪ বলে তারা যোগ করেন ১৭৩ রান। স্টোকস ১৬৩ বলে ৬ চার আর ৩ ছক্কায় ১০৩ রান করে রাবাদার শিকার হলে ভাঙে এই জুটি।
তবে শতক হাঁকিয়ে একাই লড়ে যান ফোকস। পাশাপাশি তার সঙ্গীরা ক্রিজে নেমে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে থাকে। ব্রড ১৪ বলে ২১, রবিনসন ২২ বলে ১৭ এবং লিচ ১৭ বলে ১১ রান করলে ইংল্যান্ডের রান ৪০০ পার করে।
শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৪১৫ রান করে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। ফোকস অপরাজিত থাকেন ১১৩ রানে। আর ইংল্যান্ড লিড পায় ২৬৪ রানে। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট পান নরকিয়া। এ ছাড়া দুটি করে উইকেট পান মাহরাজ ও রাবাদা।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার সরেল এরউই এবং অধিনায়ক ডিন এলগার। দ্বিতীয় দিন শেষে এরউই ২৬ বলে ১২ এবং এলগার ২৮ বলে ১১ রানে অপরাজিত আছেন। তবে ইংল্যান্ডের থেকে এখন তারা পিছিয়ে আছে ২৪১ রানে।
এন-কে


আপনার মতামত লিখুন