বিগ ব্যাশ-জাতীয় দল দ্বন্দ্বে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় গ্র্যান্ডহোমের
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ ও ঘরোয়া টুর্নামেন্ট থাকা অবস্থায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পান না। পরবর্তী ভবিষ্যৎ চিন্তায় ৩৬ বছর বয়সী কলিন ডি গ্র্যান্ডহোম তাই ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ খেলতে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
এক বিবৃতিতে বুধবার (৩১ আগস্ট) গ্র্যান্ডহোম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যেখানে নিজের ইনজুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে দেশের হয়ে প্রচুর প্রতিযোগিতা বাড়ার কারণ দেখিয়ে অবসর নেন গ্র্যান্ডহোম। মূলত জাতীয় দলের হয়ে সারা বছর ব্যস্ত সময় কাটালে তিনি খেলতে পারবেন না ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। ক্রিকেট নিউজিল্যান্ডের চুক্তি তা-ই বলে।
চুক্তি অনুযায়ী কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা জাতীয় দল ও ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ থাকাকালীন খেলতে পারবেন না বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। যার কারণে কিছুদিন আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দেশটির পেসার ট্রেন্ট বোল্ট। অন্যদিকে গ্র্যান্ডহোম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে শুধু বোর্ডের চুক্তি থেকেই নয়, অবসর নিয়েছেন একেবারে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই। ৩৬ বছর বয়সী এ পেস বোলিং অলরাউন্ডার চোট, প্রচুর আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরেও পরিবারের কথা চিন্তা করে অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
বিবৃতিতে গ্র্যান্ডহোম লেখেন, ‘মানতে হবে আমি আগের মতো তরুণ নই। অনেক চোট থাকায় অনুশীলনও দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এবং আমার পরিবার বেড়ে উঠছে। ক্রিকেট ছাড়ার পর ভবিষ্যৎ কী হবে, সেটাও তো বুঝতে হবে। শেষ কিছু সপ্তাহে এসব বিষয় আমি অনেক চিন্তা করেছি। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত, আমি মনে করি আমার এখনই বিদায় নেয়ার সময়।’
কয়েক দিন আগে অস্ট্রেলিয়ান জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে ডাক পান গ্র্যান্ডহোম। বিগ ব্যাশের ড্রাফটে অ্যাডিলেড স্ট্রাইকার্স দলে টেনেছিল তাকে। আগামী ডিসেম্বর-ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা বিগ ব্যাশের এবারের আসর। এসময় পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা আছে নিউজিল্যান্ডের। চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ায় তাই বিগ ব্যাশে খেলার সুযোগ ছিল না গ্র্যান্ডহোমের। বিগ ব্যাশ-জাতীয় দল দ্বন্দ্বে তাই তিনি বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
জিম্বাবুয়েতে জন্ম নেওয়া গ্র্যান্ডহোম ২০০৬ সালে পাড়ি দেন নিউজিল্যান্ডে। কিউইদের হয়ে ২০১২ সালে জন্মভূমির বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে সবশেষ গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে মাঠে নামেন এ পেস বোলিং অলরাউন্ডারের।
নিউজিল্যান্ডের হয়ে এসময়ে ২৯ টেস্ট খেলে ৪৯ উইকেট শিকারের পাশাপাশি দুটি সেঞ্চুরি ও আটটি অর্ধশতক হাঁকান গ্র্যান্ডহোম। ৪৫ ওয়ানডে ম্যাচে ৩০ উইকেট শিকারের পাশাপাশি ১০৬.১৫ স্ট্রাইকরেটে করেছেন ৭৪২ রান। অন্যদিকে ১৩৮.৩৫ স্ট্রাইকরেটে ৪১ টি-টোয়েন্টিতে ৫০৫ রান করার পাশাপাশি শিকার করেছেন ১২ উইকেট।
এন-কে


আপনার মতামত লিখুন