রিয়াল মাদ্রিদের পছন্দের তারকাকে দলে ভেড়াল পিএসজি
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পর ব্যাপক পরিবর্তনের হাওয়া লেগেছে প্যারিস সেন্ট জার্মেইতে। ক্লাবটির ফুটবল উপদেষ্টার পদে লুইস ক্যাম্পোস আর কোচ হিসেবে ক্রিস্তফ গালতিয়েরকে নিয়োগ করা হয়। এরপর অপ্রয়োজনীয় খেলোয়াড়দের দল থেকে ছাঁটাই করে একের পর এক তারকা দলে ভেড়াচ্ছে ক্লাবটি। যার সবশেষ সংযোজন নাপলির তারকা মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ।
এবারের দলবদলে পিএসজি গুরুত্ব দিয়েছে তাদের মধ্যমাঠের শক্তি বাড়াতে। তাই অ্যান্দার এরেরা, ইদ্রিসা গুইয়ে, ডি মারিয়াদের ছেড়ে দিয়ে দলে টেনেছে ভিতিনহা, রেনাতো সানচেজদের মতো তরুণ তারকাদের। তারকাসমৃদ্ধ পিএসজির স্কোয়াডের পরিধি এবার বাড়ল আরও। দলবদলের একদম শেষদিকে এসে তারা দলে টেনেছে সিরি ‘আর ক্লাব নাপলির স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজকে।
স্পেনের এই তারকা মিডফিল্ডারকে ৫ বছরের চুক্তিতে দলে ভেড়ানোর বিষয়টি মঙ্গলবার (৩০ আগস্ট) পিএসজি তাদের) ওয়েবসাইট থেকে নিশ্চিত করেছে।
অবশ্য কী পরিমাণ খরচ হয়েছে এই তারকাকে দলে ভেড়াতে তা উল্লেখ করেনি ক্লাবটি। তবে সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রাথমিকভাবে ২ কোটি ১৫ লাখ ইউরোর বিনিময়ে রুইজকে দলে ভিড়িয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
২৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকার দিকে রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি ক্লাবের নজর ছিল। তবে সবাইকে টেক্কা দিয়ে লিগ ওয়ানের দলটি সমর্থ হলো তাকে দলে ভেড়াতে।
রিয়াল বেটিসের একাডেমির প্রোডাক্ট রুইজ ২০১৮ সালে রিয়াল বেটিস থেকে নাপলিতে যোগ দেন। এরপর গত চার বছরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছেন ইউরোপের পরাশক্তিদের। সবশেষ মৌসুমে নাপলির হয়ে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও পাঁচ গোল করান এই সেন্ট্রাল মিডফিল্ডার। দলের তৃতীয় হওয়ার পথে রাখেন বড় অবদান।
এবারের দলবদলে রুইজসহ মোট ছয় তারকাকে দলে ভিড়িয়েছে পিএসজি। এর আগে দুই মিডফিল্ডার ভিতিনহা ও রেনাতো সানচেজ, দুই ডিফেন্ডার নুনো মেন্দেস ও নর্দি মুকিয়েলে ও ফরাসি ফরোয়ার্ড হুগো একিটিকিকে দলে ভেড়ায় তারা।
লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশনে দারুণ শুরু করেছে প্যারিসের জায়ান্টরা। চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে নিয়ে শীর্ষে আছে পিএসজি।
এন-কে


আপনার মতামত লিখুন