৭০ মিলিয়ন পাউন্ডে ডিফেন্ডার কিনল চেলসি
এই মৌসুমে চেলসি ছেড়ে গেছেন দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়। অ্যান্টনি রুডিগারের মতো ডিফেন্ডার দল ছাড়ায় চেলসি হন্যে হয়ে খুঁজছিল ভালো মানের একজন ডিফেন্ডার। সেভিয়া থেকে জুলস কুন্দেকে ভেড়াতে ব্যর্থ হয়ে লন্ডনের ক্লাবটি নজর দিয়েছিল প্রিমিয়ার লিগেরই আরেক দল লেস্টার সিটির ওয়েসলি ফোফানার দিকে। অবশেষে দলবদলের শেষদিনে এসে এই ফরাসিকে দলে ভেড়াতে সমর্থ হয়েছে ব্লুজরা।
বুধবার (৩১ আগস্ত্য) এক বিবৃতিতে চেলসি এই সেন্টারব্যাককে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে। তবে সে বিবৃতিতে ট্রান্সফার ফি’র বিষয়ে কিছু বলা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ফোফানার দলবদলে চেলসির খরচা ৭ কোটি পাউন্ড।
চলতি মৌসুমে চেলসিতে যোগ দেওয়া ষষ্ঠ ফুটবলার হলেন ফোফানা। তার আগে ম্যানচেস্টার সিটি থেকে উইঙ্গার রহিম স্টার্লিং, নাপলি থেকে ডিফেন্ডার কালিদু কৌলাবালি, অ্যাস্টন ভিলা থেকে মিডফিল্ডার কার্নি চুকুয়েমেকা, ব্রাইটন থেকে রাইটব্যাক মার্ক কুকুরেয়া ও ইন্টার মিলান থেকে মিডফিল্ডার সেসারে কাসদাইকে দলে টানে তারা।
চেলসিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফোফানা জিততে চান সম্ভাব্য সব শিরোপা। তিনি বলেন, ‘এখানে আমি ট্রফি জিততে এসেছি- চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, সবকিছু। এখানে জিততে এসেছি এবং ক্লাবটি ট্রফি জেতার জন্যই তৈরি হয়েছে, এই ধারা ধরে রাখতে আমি এখানে এসেছি।’
২১ বছর বয়সী ফোফানা ২০২০ সালে লিগ ওয়ানের দল সেন্ট এতিয়েনে থেকে লেস্টার সিতিতে যোগ দেন। দলটির হয়ে প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে চেলসিকে হারিয়েই নিজেদের ইতিহাসে প্রথমবার এফএ কাপ জিতে লেস্টার। সে ফাইনালে দলে ছিলেন ফোফানা। ২০২১-২২ প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ভিয়ারিয়ালের এক ডিফেন্ডারের ট্যাকলে পা ভেঙে যায় এই তরুণ ডিফেন্ডারের। সে মৌসুমে লিগে মাত্র সাত ম্যাচ খেলতে পারেন তিনি।
এবারের মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি চেলসির। প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টমাস টুখেলের দল। সবশেশ মঙ্গলবার (৩০ আগস্ট) তারা ২-১ গোলে হারে সাউদাম্পটনের বিপক্ষে।
এন-কে


আপনার মতামত লিখুন