সুজনের কথার পাল্টা জবাব মাহেলা জয়াবর্ধনের
এশিয়া কাপে আজ বৃহস্পতিবার বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মূল লড়াই শুরুর আগেই দুদলের ক্রিকেটারদের কথার লড়াই লড়ছে চরমে। সেই লড়াইয়ের নতুন দুই নাম দুই দেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন ও মাহেলা জয়াবর্ধনে।
ব্যাপারটা খুলেই বলা যাক। কথার লড়াইয়ের শুরুটা করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। যার পাল্টা উত্তর দিয়েছিলেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
এরপর সেই কথার সঙ্গে সূর মেলান বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এবার এই যুদ্ধে যুক্ত হলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হারার পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।
জবাবে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘মাঠে প্রমাণ হবে কে ভালো, কে খারাপ।’
এরপর গতকাল বুধবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সুজন বলেছেন, ‘আমাদের অন্তত মুস্তাফিজ এবং সাকিবের মতো বিশ্বমানের বোলার আছে। আমি তো শ্রীলঙ্কার বোলারই দেখি না।’
এতকিছুর পর এবার জয়াবর্ধনে টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের তাদের সামর্থ্য দেখানোর সময় চলে এসেছে এবং মাঠে ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণ দিতে হবে।’
সবমিলে দুদলের কথার লড়াই চলছে চরমে। এবার কথার লড়াই ছাপিয়ে মাঠে কে দাপট সেটা বুঝা যাবে আজ রাতে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচে যে জিতবে সে যাবে সুপার ফোরে, হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।
এন-কে


আপনার মতামত লিখুন