এইচএসসির ফরম পূরণের সময় আবারও বাড়ল
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত ফরম পূরণ এবং বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২–এর ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি, তারা ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। আর ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।
উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। এরপর ২০ জুন প্রথম দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল। ওই সূচি অনুযায়ী, ৬ জুলাই ফরম পূরণের এবং ৭ জুলাই ফি পরিশোধের শেষ দিন ছিল। এর আগের সূচি অনুযায়ী, ২২ জুন ছিল ফরম পূরণের শেষ দিন।
পরে আরেক দফা ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি দেয়ার সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৯ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার।
এন-কে


আপনার মতামত লিখুন