সালাহ-রোনালদোকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড
বর্তমান যুগে ফুটবল খেলাটা শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা চলে যায় মাঠের বাইরেও। ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হল্যান্ড যেভাবে গোল করে যাচ্ছেন, তাতে অনেকেই বলছেন প্রিমিয়ার লিগের সব রেকর্ড ভেঙে ফেলবেন এই নরওয়েজিয়ান। তবে সেটা অনেক সময়ের কথা, তার আগেই যে মাঠের বাইরে সালাহ-রোনালদোর রেকর্ড ভেঙে ফেললেন হল্যান্ড।
যারা ফ্যান্টাসি লিগ নিয়ে খোঁজখবর রাখেন, তারা হয়তো বুঝতে পারছেন হল্যান্ড সালাহর কোন রেকর্ডটা ভেঙেছেন। ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ লড়াইয়ে এ সপ্তাহের ম্যাচ দিবসে সালাহর একটি রেকর্ড ভেঙে দিয়েছেন হল্যান্ড। গত সপ্তাহে ও তার আগের সপ্তাহে ক্রিস্টাল প্যালেস ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন হল্যান্ড। সে কারণে এই সপ্তাহে তাকে অধিনায়ক করার হিড়িক পড়ে যায়।
এ সপ্তাহে হল্যান্ডকে অধিনায়ক করেছেন ৫৩ লাখ মানুষ। আসল সংখ্যাটা হচ্ছে ৫৩,৯৮,৬২০ লাখ, যা প্রিমিয়ার লিগ ফ্যান্টাসি গেমের একটি ম্যাচ দিবসে রেকর্ড। এর আগে এত বেশি মানুষ কোনো খেলোয়াড়কে অধিনায়ক করেনি।
এর আগে রেকর্ডটি ছিল লিভারপুলের ফরোয়ার্ড সালাহর অধিকারে। এক ম্যাচ দিবসে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডকে অধিনায়ক করেছিলেন ৫১,৩৯,৫৬১ লাখ মানুষ। এই লিস্টের পরের তিন অধিনায়কের রেকর্ডটাও সালাহর দখলেই।
২০২১-২২ মৌসুমে দারুণ ফর্মে থাকার কারণে ম্যাচ দিবস তের’তে ৪৮,৮২,১৭৭ লাখ, ম্যাচ দিবস ১৫’তে ৪৭,৮১,৪৬৮ লাখ এবং ম্যাচ দিবস ১৮’তে ৪৭,৩৮,৪২১ লাখ মানুষ তাকে অধিনায়ক করেছিলো। এর আগে গত মৌসুমে প্রায় ৪৬ লাখ মানুষ ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে অধিনায়ক করেছিল।
এন-কে


আপনার মতামত লিখুন