দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে, ছিটকে গেলেন তিন তারকা ক্রিকেটার
বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে তাদের নিয়ে ভারতের বিপক্ষে চলতি মাসের শেষদিকে মাঠে নামার কথা ছিল দলটির। কিন্তু ইনজুরির কারণে ভারত সফর থেকে ছিটকে গেছেন দলের তিন তারকা ক্রিকেটার।
আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক হাঁটুর ইনজুরিতে, অলরাউন্ডার মিচেল মার্শ গোড়ালির ইনজুরিতে এবং মার্কাস স্টইনিস সাইড ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন।
মূলত বিশ্বকাপের আগে দেশটির ক্রিকেট বোর্ড এ তিন তারকা ক্রিকেটারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না। যার কারণে ভারতের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন তারা।
তবে আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে তারা সুস্থ হয়ে ফিরবেন বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে এ তিনজনের স্থলাভিষিক্ত হয়েছেন নাথান ইলিস, ড্যানিয়েল সামস ও সিন অ্যাবট। এ ছাড়া ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দিয়ে দলে ডাকা হয়েছে ক্যামেরন গ্রিনকে।
স্টইনিস বিশ্রামে যাওয়ায় প্রথমবার দলে ডাক পাওয়া টিম ডেভিডের অভিষেক হয়ে যেতে পারে ভারতের বিপক্ষে। অন্যদিকে এ সিরিজে ডেভিড ওয়ার্নার বিশ্রামে থাকায় অ্যারন ফিঞ্চের ওপেনিং পার্টনার হতে পারেন জশ ইংলিস। আগামী সপ্তাহে কোহলিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দেশ ছাড়বেন অজিরা।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান ইলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ড্যানিয়েল সামস, স্টিভ স্মিথ, ম্যাথিউ ওয়েড ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
এন-কে


আপনার মতামত লিখুন