সব অধিনায়কের উপস্থিতিতে বাবর আজমের জন্মদিন উদ্যাপন
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের জন্মদিন শনিবার (১৫ অক্টোবর)। ২৮ বছরে পা দিলেন বর্তমানে সেরা ব্যাটসম্যানদের একজন। এদিকে আজই অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১৬ দলের অধিনায়কদের নিয়ে ফটোসেশন। সেই ফটোসেশনের পরেই কেক কেটে বাবরের জন্মদিন উদ্যাপন করেন সব দলের অধিনায়কেরা।
১৯৯৪ সালের ১৫ অক্টোবর পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন বর্তমান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কাকতালীয়ভাবে ২০২২ সালের ১৫ অক্টোবরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফটোসেশন এবং ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’ অনুষ্ঠিত হয়। ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’-তে পাকিস্তান এবং ভারতের অধিনায়ককেই বেশি প্রশ্ন করা হয়। কারণটা সবারই জানা, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুই দল একে অপরের মুখোমুখি হবে।
এদিকে ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’ অনুষ্ঠানের পর আইসিসির উদ্যোগে বাবরের জন্মদিন পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সব দলের অধিনায়ক।
এ উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট টিম। ফেসবুকে শেয়ার করা ৪৫ সেকেন্ডের সেই ভিডিওতে প্রথমে দেখা যায় সব দলের অধিনায়কেরা বাবরকে করমর্দন করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এরপর কেক কেটে উদ্যাপন করেন বাবরের জন্মদিন।
এদিকে ত্রিদেশীয় সিরিজ জিতে রীতিমতো উড়ছে বাবর আজমের দল। যদিও ঘরের মাঠে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। তবুও দলের শক্তিমত্তার বিচারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হটফেবারিট পাকিস্তান। যদিও ২০০৭ এবং ২০০৯ সালের পর কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেনি তারা। ২০০৯ সালে আফ্রিদির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।
এন-কে


আপনার মতামত লিখুন