অস্ট্রেলিয়াকে ফেভারিট বলছেন বাটলার
টি-টোয়েন্টিতে আসলে নির্দিষ্ট ফেভারিট বলে কিছু নেই। বিশ্বকাপের চলতি আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়া যেন সেটি প্রমাণ করলো আরেকবার। ২০০৭ সাল থেকে ২০২১, সাত আসরে ছয়টি আলাদা দলের চ্যাম্পিয়ন হওয়া বলে দেয়, এখানে সবাই শিরোপার দাবিদার।
ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার অবশ্য এই তত্ত্ব মেনেই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ায় খেলা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতে নেয় ইংল্যান্ড। শেষ ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-৩ ব্যবধানে জিতেছিল ইংলিশরা।
এবারের আসরের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। অসিদের মাটিতে তাদের সিরিজ হারানো ইংল্যান্ড টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আছে দুই নম্বরে। বিশ্বকাপের গত আসরে খেলেছে সেমিফাইনাল। সবমিলিয়ে ইংল্যান্ডকে ফেভারিট মানছে অনেকে। তবে বাটলার বলছেন, “অস্ট্রেলিয়ায় এসে অনেকেই খেলেছে। কিন্তু, ওদের মতো করে এখানকার কন্ডিশনের সঙ্গে অন্যরা পরিচিত নয়। তাছাড়া, বড়ো টুর্নামেন্টে স্বাগতিক দেশ কিছুটা এগিয়ে থাকেই।”
২২ অক্টোবর সুপার টুয়েলভে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হবে। একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রথম রাউন্ড থেকে আসা দুইটি দল। নিজেদের নিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, “আমরা নিজেদের এমনভাবে দেখছি, যাদের বিপক্ষে খেলতে অন্য দলগুলো ভয় পায়। আমাদের দলে কয়েকজন প্রতিভাবান ছেলে আছে যারা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। মাঠে নেমে সেসবের প্রতিফলন ঘটাতে চাই।
এন-কে


আপনার মতামত লিখুন