ভারতের বোলিং তোপ সামলে পাকিস্তানের লড়াকু পুঁজি
ভারতের বিপক্ষে বড় ম্যাচের চাপ নিতে পারেননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। হাইভোল্টেজ ম্যাচে দুজনই হন ফ্লপ। দুই তারকার বিদায়ের পর ইফতেখার আহমেদ ও শান মাসুদের ব্যাটে চড়ে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
আজ রোববার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান।
মেলবোর্নে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় পাকিস্তান।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাবর আজমকে তুলে নেন আর্শদিপ সিং। তরুণ এই পেসারের স্টেইট বল গিয়ে লাগে বাবর আজমের প্যাডে। এলবিডব্লিউর আবেদন করেন আর্শদিপ। তাতে সাড়া দেন আম্পায়ার মারাইস এরাসমাস। রিভিউ নিয়েও রক্ষা পাননি পাকিস্তান অধিনায়ক। ফেরেন গোল্ডেন ডাকে।
অধিনায়ককে হারানোর ধাক্কা না কাটতেই রিজওয়ানকে হারায় পাকিস্তান। তিনিও কাটা পড়েন আর্শদিপের বলে। চতুর্থ ওভারে আর্শদিপের বলে ফাইন লেগে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান। ১২ বলে মাত্র ৪ রান করেন তিনি। মাত্র ১৫ রানে ২ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় পাকিস্তান।
সেখান থেকে উদ্ধার করতে জুটি বাধেন ইফতেখার আহমেদ ও শান মাসুদ। এই জুটিতে পথ দেখে পাকিস্তান। দুজন মিলে উপহার দেন ৭৬ রানের চমৎকার জুটি। এক ওভারে অক্ষর প্যাটেলকে পরপর ৪ ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন ইফতেখার।
কিন্তু এরপরই বিদায় নেন ইফতেখার। হাফসেঞ্চুরি ছুঁয়েই বিদায় নেন তিনি। তাঁর বিদায়ের পর ফের ম্যাচের নিয়ন্ত্রণ হারায় পাকিস্তান। এরপর একে একে বিদায় নেন শাদাব খান ও হায়দার আলি। তবে শেষ পর্যন্ত খেলার আমেজ বাঁচিয়ে রাখেন শান মাসুদ। শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেন মাসুদ। ব্যাট হাতে ৪২ বলে ৫২রান করেন তিনি। আফ্রিদি করেন ১৬ রান।
ভারতের হয়ে বল হাতে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়া। সমান তিনটি নেন আর্শদিপ সিং। শামি ও ভুবনেশ্বর নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২০ ওভারে ১৫৯/৮ (বাবর ০, রিজওয়ান ৪, ইফতেখার ৫১, শাদাব ৫, মাসুদ ৫২*, আসিফ ২, নেওয়াজ ৯, হায়দার ২, আফ্রিদি ১৬ ; পান্ডিয়া ৪-০-৩০-৩, অশ্বিন ৩-০-২৩-০, প্যাটেল ১-০-২১-০, শামি ৪-০-২৫-১, ভুবনেশ্বর ৪-০-২২-১, আর্শদিপ ৪-০-৩২-৩)।
এন-কে


আপনার মতামত লিখুন