সীতাকুণ্ডে ক্রেতা সেজে ইট,বালু বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও
সীতাকুণ্ড প্রতিনিধি: ক্রেতা সেজে ইট, বালু বিক্রেতাকে ফোনে ডেকে এনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়কের উপর পাথর, বালু, ও ইট বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। মহাসড়কের পাশে স্তূপ করে ইট,বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ জানুয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে উপজেলার ছোট কুমিরা বাজার এলাকায় মাহাসড়কের পাশে ইট,বালু রেখে ফুটপাতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে রাহাত ট্রেডার্সের মালিক মোঃ ওসমান গনিকে ১০ হাজার টাকা, নাজমা ট্রেডার্সের মো. আবির হাসানকে ১০ হাজার, মোঃ সেলিমকে ১০ হাজার, সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা, ফকিরহাট এলাকার আল ফরিদ এন্টার প্রাইজের মালিক ফরিদ উদ্দিনকে ২০ হাজার, গুল আহম্মদ জুট মিলস এলাকায় এমরান এন্টারপ্রাইজের মোঃ এমরান ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল করে এক শ্রেণীর মানুষ ইট, বালুর ব্যবসা করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা করা হয়েছে।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাংবাদিক কামরুল ইসলাম দুলুসহ সীতাকুণ্ড মডেল থানা ও বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ।


আপনার মতামত লিখুন