সীতাকুণ্ডে গাড়ির নিচে কাজ করার সময় চাপা পড়ে মেকানিক নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় রড ভর্তি ট্রাকের নিচে কাজ করার সময় চাপা পড়ে মোঃ আবুল হোসেন (৪৫) নামে এক গাড়ি মেকানিক নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় এঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ৭নং কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়কুমিরাস্থ ঘাটঘর এলাকার তিতাগাজী বাড়ির আলী হোসেনের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, একটি রড ভর্তি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে মেরামত করতে আসেন মেকানিক আবুল হোসেন। জগ লাগিয়ে কাজ করার সময় হঠাৎ সামনের চাকার অংশ থেকে জগটা ছুটে গেলে গাড়ি তার উপর পড়ে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, গাড়ির নিচে কাজ করার সময় জগ সরে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলে এক মেকানিক নিহত হয়েছে। লাশ পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন