খুঁজুন
, ,

তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 6 January, 2024, 1:22 pm
তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে কেউ-কেউ শেষ পর্যন্ত নির্বাচনে পরাজয়ও বরণ করতে পারেন।

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিসহ অনেক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করেছে আওয়ামী লীগ। এ কারণে অন্যান্য আসনের মতো মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আসনেও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা।

সংশ্লিষ্টরা বলছেন, অন্য সব নির্বাচনে দলীয় প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীর পক্ষে কাজ করলে শাস্তির মুখোমুখি হতেন স্থানীয় নেতাকর্মীরা। এবারের চিত্র ভিন্ন। স্থানীয় নেতাকর্মীরাও বাধাহীনভাবে যে যার পক্ষে কাজ করছেন। এ কারণে সুবিধা পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা।

দীপু মনি-শামছুল হক ভূঁইয়া

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনিকে ছাড় দিতে নারাজ স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শামছুল হক ভূঁইয়া। বর্তমানে তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ঈগল প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুজন প্রার্থীই নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। ড. শামছুল হক ভূঁইয়া মনে করেন, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের উদাহরণ হিসেবে এবারের নির্বাচন সবার মনে জায়গা করে নেবে। কাজেই সবাই ভোটকেন্দ্রে এসে তাকে ভোট দেবেন।

অন্যদিকে, গণসংযোগ ও উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, ভোট দেওয়াটা নাগরিক অধিকার এবং কর্তব্যও বটে। তার প্রশ্ন, যদি ১৫ বছর ভালো কাজ করে থাকি এবং খারাপ কাজ যদি না করে থাকি, তাহলে নির্বাচনে কম নম্বরে পাস করব কেন? বেশি নম্বর পেয়েই পাস করব।

দস্তগীর গাজী-শাহজাহান ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।

দলীয় ও স্বতন্ত্র দুই প্রার্থীর প্রচার-প্রচারণায় পাল্টাপাল্টি সভা-সমাবেশ, শোডাউনে সরগরম নির্বাচনী এলাকা। পাড়া-মহল্লার চায়ের দোকানেও নির্বাচনী হাওয়া বইছে।

গোলাম দস্তগীর গাজী বলেছেন, আমি ১৫ বছর ধরে রূপগঞ্জের উন্নয়ন করে যাচ্ছি। আমার বিশ্বাস জনগণ আমাকে নয় উন্নয়নকে ভোট দেবে। নতুন যাকেই চাইবে তাকেই ভোট দেবে। নির্বাচন নিয়ে আমরা কোনো আশঙ্কা প্রকাশ করছি না। আমরা চাচ্ছি সবার অংশগ্রহণে নির্বাচন আরও উৎসবমুখর হোক। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। তাই এখানে কোনো শঙ্কা নেই।

স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, নির্বাচনে আমার প্রার্থী হওয়ার একটি কারণ, রূপগঞ্জের নির্যাতিত জনগণের পাশে থাকা। আমরা তাদের দখল করা জমি উদ্ধার করতে চাই। আমি নির্বাচিত হলে রূপগঞ্জে অস্ত্র ও মাদক নির্মূলে কাজ করব। রূপগঞ্জের জনগণ আমার সঙ্গে আছে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন-সাইফুল ইসলাম খান বীরু

নরসিংদী-৪ আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মনোহরদী উপজেলার পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু।

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই প্রার্থী আনুষ্ঠানিকভাবে ভোট চাচ্ছেন। তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

সাধন চন্দ্র মজুমদার-খালেকুজ্জামান তোতা

নওগাঁ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের শক্ত প্রতিদ্বন্দ্বী নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান তোতা। তিনি চন্দননগর ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান। এ ছাড়া, তিনি নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

নুরুজ্জামান আহমেদ-সিরাজুল হক

লালমনিরহাট-২ আসনে নির্বাচন করছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক।

স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ। মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আ ক ম মোজাম্মেল হক-রেজাউল করিম রাসেল

গাজীপুর-১ আসনে টানা চতুর্থবারের মতো দলীয় প্রতীক নৌকা পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তার প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের বড় শক্তি গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গাজীপুর মহানগরীর ১৮টি ওয়ার্ড রয়েছে আসনটিতে। মহানগরীর ওই এলাকাগুলোতে জাহাঙ্গীর আলমের আধিপত্য রয়েছে। যার কারণে স্বতন্ত্র প্রার্থী রাসেলের জন্য আশীর্বাদ জাহাঙ্গীর। এ আসনে রাসেলকে বিজয়ী করতে মাঠে নেমেছেন জাহাঙ্গীর আলম ও তার সমর্থকরা।

জাহিদ আহসান রাসেল-কাজী আলিম উদ্দিন

গাজীপুর-২ আসনে নৌকার মাঝি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আসনটিতে আওয়ামী লীগের আরও দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। একজন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন, অপরজন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

এর মধ্যে কাজী আলিম উদ্দিনের পক্ষে কাজ করছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দুই আসনে স্বতন্ত্র প্রার্থীদের হয়ে জাহাঙ্গীরের প্রচারণার ফলে গাজীপুরে তৈরি হয়েছে ভোটের নতুন সমীকরণ।

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ার বিষয়ে গত ১৮ ডিসেম্বর নেতাকর্মীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছেন, প্রত্যেকে নির্বাচন করতে পারবেন। কোনো প্রার্থী যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে না পারেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে একটা সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দিতে চাই। সে লক্ষ্যে আমরা নির্বাচনে প্রার্থী হয়েছি। এটাকে যেন কেউ ভুলভাবে ব্যাখ্যা না দেন। আমাদের প্রত্যেকের রক্তে আওয়ামী লীগ। আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ করি।’

এনামুর রহমান-মুরাদ জং

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই প্রার্থীর কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছেন প্রতিমন্ত্রী এনামুর। শেষ পর্যন্ত ফলাফল কী হয়, জানা যাবে ৭ জানুয়ারি।

শাহরিয়ার আলম-রাহেনুল হক

রাজশাহী-৬ আসনে টানা চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তার মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক রায়হান। এ আসনে ১৯৯৯ এর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলের একটি অংশের নেতাকর্মীরা রাহেনুল হকের পক্ষে মাঠে নেমেছেন। এ নির্বাচনে শাহরিয়ারের সঙ্গে রাহেনুলের শক্ত লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

মাহবুব আলী-ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনের মাঠে সক্রিয় আছেন ব্যারিস্টার সুমন। তিনি ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ দুই প্রার্থী ও তাদের কর্মীরা গ্রামে-গ্রামে ঘুরে সাধারণ ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

ফরহাদ হোসেন-আব্দুল মান্নান

মেহেরপুর-১ আসনে আবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। নৌকা প্রতীকের এ প্রার্থীর বিরুদ্ধে ট্রাক প্রতীক নিয়ে লড়তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দুবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান। দলের আরেক সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিনও রয়েছেন এ দৌড়ে। তবে, ফরহাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানকে বেশ বেশি সক্রিয় দেখা যাচ্ছে।

স্থানীয়রা বলছেন, নির্বাচনে ফরহাদের সঙ্গে আব্দুল মান্নানের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

জুনাইদ আহমেদ পলক-শফিকুল ইসলাম শফিক

নাটোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নৌকা এবং সদ্য পদত্যাগকারী সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের ঈগল প্রতীকের লড়াই জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে।

দৃশ্যমান উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থান নিশ্চিতের জন্য হাইটেক পার্ক করার জন্য নতুন ও তরুণদের ভোট টানবেন পলক। অপরদিকে, ১৫ বছরে সুবিধা ও দলের পদবঞ্চিতদের ভোট টানবেন শফিক— এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমার দৃঢ় বিশ্বাস, গত ১৫ বছর নৌকা প্রতীকে ভোট দিয়ে নাটোর-৩ (সিংড়া) আসনের মানুষ যে উন্নয়ন, সেবা ও সুশাসন পেয়েছে; সেই নৌকার প্রতি আস্থা ও সমর্থন আবারও তারা ব্যক্ত করবেন। আগামী ৭ জানুয়ারি নাটোর-৩ আসন থেকে বিপুল পরিমাণ ভোট নৌকা মার্কায় দিয়ে সিংড়াবাসী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

শফিকুল ইসলাম শফিক বলেন, সিংড়ার জনগণের ভালোবাসায় একবার উপজেলা ভাইস চেয়ারম্যান, দুবার উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রায় ১৫ বছর দায়িত্ব পালন করেছি। সিংড়ার জনগণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি, এবার বঞ্চিত মানুষের আশার প্রতিফলন ঘটবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

Feb2
Feb2

টেকসই নগর ব্যবস্থাপনায় সব পদক্ষেপ নেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 12 July, 2026, 9:54 pm
টেকসই নগর ব্যবস্থাপনায় সব পদক্ষেপ নেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বলেছেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

রোববার (১২ জুলাই) চট্টগ্রামে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন শেষে নগরের দক্ষিণ কাট্টলীর ফইল্লাতলী বাজার সংলগ্ন লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

এর আগে প্রতিমন্ত্রী নগরীর ফইল্লাতলী বাজার সংলগ্ন মহেষ খাল, বারনীঘাট খাল, হালিশহর থানা রোড ও জেলেপাড়া রোড পরিদর্শন করেন।

তিনি বলেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার তাৎক্ষণিক ও সমন্বিতভাবে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার, নিয়মিত খনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এ সমস্যার সমাধান করবো।

অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে খাল দখলমুক্ত ও দূষণমুক্ত করা, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শামসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 12 July, 2026, 6:49 pm
সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম

চট্টগ্রামের আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাঙ্গে আলাপকালে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। দেশের মানুষের এই দুর্যোগকালীন সময়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নেই, মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ও ছাত্র সমাজসহ জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তিস্তা মহাপরিকল্পনা ও বাজেট নিয়ে বারবার কথা বলছি। কক্সবাজার, পার্বত্য অঞ্চল ও চট্টগ্রামে যখনই বৃষ্টি শুরু হয়, আমরা বিষয়টি নিয়ে সংসদে সোচ্চার হয়েছি। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী তখন সংসদে দাঁড়িয়ে বিভিন্ন ব্যবস্থার কথা বললেও, বর্তমানে খোদ প্রধানমন্ত্রী নিজেই স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তায় নাখোশ বলে নিউজে দেখা যাচ্ছে। আমরা আশা করব, সরকার দ্রুত সময়ের মধ্যে কার্যকরী উদ্যোগ নেবে।’

আনোয়ারার উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বেহাল দশা এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় হুইপ বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা আগে থেকেই এখানে কাজ করছেন। আমরা এসে দেখলাম, দীর্ঘ ৫–৭ দিন ধরে এখানে কয়েকশো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অথচ স্থানীয় এমপি কিংবা প্রশাসনের কাউকে এখানে দেখা যায়নি। মানুষ কোনো ত্রাণও পায়নি।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানলাম, বেড়িবাঁধের সমস্যার কারণেই বছরের পর বছর ধরে এই কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেড়িবাঁধের নামে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এবার বাজেটে বেড়িবাঁধের জন্য যে টাকা রাখা হয়েছে, তার একটা টাকাও আমরা দুর্নীতি বা লুটপাট হতে দেব না। সংসদে আমরা এই বেড়িবাঁধের কথা শক্তভাবে তুলব, যাতে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করে দ্রুত বাঁধের কাজ শেষ করা হয়।’

চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি জানান, আনোয়ারা শেষে তারা বাঁশখালীসহ বন্যাদুর্গত অন্যান্য জেলাগুলোতেও নিজেদের সক্ষমতা অনুযায়ী ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন।

ত্রাণ বিতরণকালে স্থানীয় জনগণের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা ও অন্যান্য জরুরি যেকোনো প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন– ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

‘ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 12 July, 2026, 6:11 pm
‘ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব’

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্গত এলাকায় আমাদের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার পাশাপাশি খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। জেলা পর্যায়ের নেতৃত্ব সার্বক্ষণিক বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছে।

রোববার (১২ জুলাই) দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আবদুল মোনায়েম মুন্না বলেন, সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সমন্বিতভাবে মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। দুর্যোগ মোকাবিলায় সবাইকে মানবিকতা, সহযোগিতা ও ঐক্যের মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।

এসময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, আহমেদ মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল নেতা মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।