ডিবির সাবেক ‘দাপুটে ডিসি’ মশিউর গ্রেফতার
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। চট্টগ্রাম থেকে আটক করে তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে। এর আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ডিবির দাপুটে ডিসি হিসেবে পরিচিত ছিলেন মশিউর রহমান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) রবিউল আলম ভুঁইয়া।
তিনি বলেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে।
২০২২ সালে মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি গুলশান বিভাগের ডিবি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
সরকার পতনের পর সর্বশেষ গত ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করা হয়। তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে।
মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। ডিবি কর্মকর্তা হিসেবে মশিউর ছিলেন আলোচিত।
২০১৩ সালে তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক দেওয়া হয়েছিল। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সেম্প্লারি গুড সার্ভিসেস ব্যাজ’ দেওয়া হয়। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।


আপনার মতামত লিখুন