খুঁজুন
, ,

বেল্ট-আন্ডারওয়্যারে লুকানো ২ কেজি স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 13 July, 2026, 3:58 pm
বেল্ট-আন্ডারওয়্যারে লুকানো ২ কেজি স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়জামার বেল্টের স্থান ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে বহন করা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাই ফ্লাইট FZ463 এর যাত্রী মীরসরাইয়ের মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রীন চ্যানেল অতিক্রম করছিলেন।

এ সময় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই প্রতিনিধি দল তাকে চ্যালেঞ্জ করে। তল্লাশিকালে এসব স্বর্ণ পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Feb2
Feb2

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 13 July, 2026, 4:24 pm
বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছানো হচ্ছে। তবে বন্যাকবলিত অঞ্চলে এখনও কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে এক প্রশ্নের জাবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে হাসপাতাল পরিদর্শন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 13 July, 2026, 3:50 pm
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোর সোয়া ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত নজরুল ইসলাম চৌধুরী বেশ কিছুদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

সাবেক এই সংসদ সদস্যের ভাগনে রুকুন আহমেদ চৌধুরী জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রাত ১০টায় চট্টগ্রাম নগরীর বিভারলি হিল সোসাইটিতে অবস্থিত বাসভবনের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 13 July, 2026, 2:02 pm
‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে আমরা কিন্তু বলেছিলাম সারাদেশে অনেকগুলো কাজের মধ্যে মূল দুটো কাজ করতে চাই। একটা হচ্ছে- খাল খনন যেটা শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন। আরেকটি হচ্ছে- বৃক্ষরোপণ, এটাও শহীদ জিয়া শুরু করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়াও সেই কর্মসূচি এগিয়ে নিয়ে গেছেন। আমরাও এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাব।

সোমবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে বরিশাল পৌঁছেছেন। বরিশালে পৌঁছে সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আসার সময় দেখলাম অনেকে গাছের চারা নিয়ে দাঁড়িয়ে আছেন। খেয়াল করলাম অনেকে পলিথিনসহ গাছের চারা রোপণ করে দিয়েছেন। যারা এই কাজ করেছেন তারা দয়া করে পলিথিনে মোড়ানো গাছের চারার পলিথিনটা খুলে মাটিসহ গাছটা মাটিতে রোপণ করুন। তা না হলে তো গাছটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের যত্ন সহকারে এই কাজটি করতে হবে।

এসময় দেশের জলবায়ু নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই যে চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আবহাওয়ার বিষয়টা এমন কেন হচ্ছে? সারা পৃথিবীতেই আবহাওয়ার সমস্যা হচ্ছে কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো এখন কিন্তু আগের মতো ততটা শীত পড়ে না। আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। এই সমস্যাগুলো যদি আমাদের সমাধান করতে হয় বা এই সমস্যাটা যদি কমিয়ে আনতে চাই তাহলে সারাদেশে অনেক গাছ লাগাতে হবে। ২০ কোটি মানুষের এই দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, বর্তমানে তা নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ জিয়া যেই কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই বৃক্ষরোপণ কর্মসূচিটিকে এগিয়ে নিয়ে গেছেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি এটাও সারাদেশে চালু রাখতে চাই। ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করব। আজকে এখানে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে।

এছাড়া গাছের রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, যারা চারা রোপণ করবেন তাদের দায়িত্ব কিন্তু রোপণ করেই শেষ হয়ে যায় না। একটি শিশু ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা-মায়ের কাজ শেষ হয়ে যায় না। বরং শিশুটাকে যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে আসল কাজ। আজকের এই চারাগুলো কিন্তু শিশু গাছ, একে শিশুর মতো বড় করতে হবে। এসময় তিনি আশেপাশে বসবাসকারী ও দোকানদারদের অনুরোধ জানান যেন গাছগুলো বড় না হওয়া পর্যন্ত সবাই সেগুলোর যত্ন নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই গাছটি যদি বড় হয় আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন, শান্তির ছায়ায় বসতে পারবেন। গ্রীষ্মকালে এই গাছের শীতল বাতাসের স্পর্শ পাবেন। সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে উঠে আনন্দে, ঠিক এই গাছটি যখন বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আসুন, আমরা যদি আমাদের এলাকাটা সুন্দর করতে চাই, দেশটা সুন্দর করতে চাই তাহলে বৃক্ষরোপণ করি সেই সঙ্গে গাছের যত্ন নেই।

বক্তব্যের শেষে তিনি সৃষ্টিকর্তার নাম নিয়ে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে চারা রোপণ করেন এবং ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর আজ প্রথমবারের মতো সরকারি সফরে বরিশাল আসেন তারেক রহমান। তার সফরকে ঘিরে বরিশালজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা, কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়।

সফরসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচির পর তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করেন। এছাড়া খালপাড়জুড়ে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

বিকেলে প্রধানমন্ত্রী বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ নেতারা অংশ নেবেন।