খুঁজুন
, ,

বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 July, 2026, 3:43 pm
বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ নগর, প্রফুল্ল মন, সুস্থ জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির উদ্বোধন করছেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

আজ ২৫ জুলাই শনিবার সকালে কোর্ট হিলস্থ অফিস প্রাঙ্গন এলাকা থেকে তিনি ঝাড়ু হাতে নিয়ে ময়লা পরিস্কারের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান, পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোছাম্মৎ রাশেদা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচীতে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ রোগ প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ জনগণের সচেতনতা সৃষ্টি ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি| আমাদের প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে| কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ জমে থাকা পানিতেই এডিস মশা বংশবিস্তার করে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ| এ ধরনের কর্মসূচি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে| তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

Feb2
Feb2

বায়েজিদে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 July, 2026, 5:07 pm
বায়েজিদে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় দেড় হাজার বুলেট উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বুলেটগুলোর ধরন ও উৎস নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘শেরশাহ বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার পাশের একটি নালা থেকে বস্তাবন্দি বুলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২০টি বড় এবং ১ হাজার ২০০টির বেশি ছোট বুলেট রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা কী উদ্দেশ্যে এসব বুলেট সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পটিয়ায় দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 July, 2026, 4:55 pm
পটিয়ায় দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

যারা আটক হয়েছেন তারা হলেন— পটিয়ার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।

শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, জেলা ডিবির একটি দল প্রথমে কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এরপর একই এলাকার ছাতিভাঙা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুইটি একনলা বন্দুক ও দুইটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ সংঘটনের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

নান্দনিক চট্টগ্রাম বাস্তবায়নে স্বাস্থ্য পরিচালক দপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 July, 2026, 4:30 pm
নান্দনিক চট্টগ্রাম বাস্তবায়নে স্বাস্থ্য পরিচালক দপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ বাস্তবায়নে নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তরের উদ্যোগে আজ ২৫ জুলাই শনিবার সকালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনোয়ার হোসেন, সহকারী পরিচালক (ডেন্টাল) ডা. এএসএম ইমতিয়াজ হোসাইনের নেতৃত্বে ও উপস্থিতিতে বিল্ডিংয়ের ছাদ, আঙ্গিনা, নালা-নর্দমা ও বাগান পরিস্কার করা হয়| স্বাস্থ্য পরিচালক দপ্তরের সকল কর্মকর্তা ম-কর্মচারীগণ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য পরিচালক দপ্তরের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু নিয়ে আতংকিত হওয়ার কিছুই নেই। এডিস মশার বংশ বিস্তার রোধ করার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব| এয়ার কন্ডিশনার, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ড্রাম, পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ও পরিস্কার পানিতে এডিস মশা ডিম পারে। হাসপাতাল, ঘর ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়। জীবন বাঁচানোর জন্য যেকোন উপায়ে এডিস মশা ধ্বংস করতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু সংক্রমণ ৯০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।