সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন ৩০০ পরিবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৫১ বিকাল
সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে দুর্ঘটনায় গত প্রায় ৬ বছর ১০ মাসে অন্তত ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। একই দুর্ঘটনায় পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে।

রোববার (৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও সংস্থাটির নিজস্ব তথ্য ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৩টি ঘটনায় ৩৮৬ জন স্বামী-স্ত্রী এবং ১৫৯টি ঘটনায় ৩১৮ জন পিতা-সন্তান প্রাণ হারিয়েছেন।

অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৫২৫টি। এসব ঘটনায় প্রাণ গেছে ১ হাজার ৭২৮ জনের। মাইক্রোবাস দুর্ঘটনায় ১৮৬টি ঘটনায় ৭০৮ জন, প্রাইভেটকার দুর্ঘটনায় ১০৮টি ঘটনায় ৩৫২ জন এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪৫টি ঘটনায় ১৬২ জন নিহত হয়েছেন।

এ ছাড়া বাস দুর্ঘটনায় ৩২টি ঘটনায় একই পরিবারের ৮৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে মহাসড়কে অটোরিকশা চলাচল, যানবাহনের ফিটনেসের অভাব, চালকদের অদক্ষতা ও বিশ্রামহীন গাড়ি চালানোর বিষয়গুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি বেপরোয়া মোটরসাইকেল চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং ট্রাফিক আইন অমান্যকেও দায়ী করা হয়েছে।

দুর্ঘটনা কমাতে মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ, নিরাপদ সড়ক নকশা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। একই সঙ্গে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Feb2
Feb2