বাস উল্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা নিহত

সেই সাদা প্রাইভেট কারের সন্ধান চান আইআইইউসি শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:২৫ রাত
সেই সাদা প্রাইভেট কারের সন্ধান চান আইআইইউসি শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সাদা প্রাইভেট কার শনাক্তের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ মহাসড়কে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।

রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসস্ট্যান্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‘সাদা গাড়ির চালকের সন্ধান চাই’, ‘দ্রুত ফুটওভার ব্রিজ চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনার পেছনে একটি ছোট সাদা প্রাইভেট কারের ভূমিকা রয়েছে। তাঁদের ধারণা, গাড়িটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হতে পারে। তবে গাড়িটির পরিচয় নিশ্চিত না হওয়ায় প্রকৃত ঘটনা জানতে দ্রুত সেটি শনাক্ত করার দাবি জানান তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী নাদিম আল ওয়াহিদ বলেন, অধিকাংশ শিক্ষার্থীর ধারণা, প্রাইভেট কারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, গাড়িটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। দুর্ঘটনার পর সেটি ডালাস ফিলিং স্টেশনের ভেতর দিয়ে প্রবেশ করে আবার চট্টগ্রামমুখী হয়ে চলে যায়। গাড়িটি শনাক্ত করা গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, প্রাইভেট কারটি শনাক্ত এবং দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণসহ শিক্ষার্থীদের অন্যান্য দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামবেন তাঁরা।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা প্রাইভেট কারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বলে দাবি করছেন। তবে গাড়িটি শনাক্ত না হওয়া পর্যন্ত এটি কার, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইতিমধ্যে গাড়িটি শনাক্তের জন্য তিনটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি, দ্রুত গাড়িটি শনাক্ত করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সীতাকুণ্ড থানা-পুলিশ প্রাইভেট কারটি শনাক্তের চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আইআইইউসির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হন। ওই দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, একটি ছোট সাদা প্রাইভেট কারের আকস্মিক ভুল সিদ্ধান্তের কারণে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে মাইশার মৃত্যু হয়।

Feb2
Feb2