পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাংলাদেশের উপকূলীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ সকাল
বাংলাদেশের উপকূলীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি একটি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের প্রথম দিনেই দুই দেশের ফার্স্ট লেডির মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন উদ্যোগ নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে।

শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। তিনি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যের ব্যবহার বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

এ সময় ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের ওপর সৃষ্ট স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের বিষয়েও অবহিত করেন তিনি।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এমিনে এরদোয়ান।

নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।

এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে তিনি একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চান। দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে। বিশেষ করে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ান আবারও বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Feb2
Feb2