খুঁজুন
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ রাসেল পানি শোধনাগারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০, ৪:৫৬ অপরাহ্ণ
শেখ রাসেল পানি শোধনাগারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

দু’টি পানি শোধনাগার প্রকল্প, দুইটি সেতু, কয়েকটি ট্রেন সার্ভিস, আর্থিক লেনদেনে মোবাইল অ্যাপস এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান ১২ ঘন্টা সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন এবং সংশ্লিষ্ট এলাকার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী স্থানীয় জনগণের সুপেয় পানির চাহিদা মেটাতে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধানে পরিচালিত ‘শেখ রাসেল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ এবং খুলনা ওয়াসার তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু ওয়ার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করেন।

অন্য প্রকল্পগুলো হচ্ছে- বাংলাদেশ রেলওয়ের ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’, ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর’ এক্সপ্রেস ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ, চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের র‌্যাক পরিবর্তন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা প্রদানে মোবাইল অ্যাপস্ ভিত্তিক ‘পল্লী লেনদেন’ কার্যক্রমের উদ্বোধন।

পাশাপাশি এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘গুরুত্বপূর্ণ ৯টি ব্রিজ নির্মাণ’ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ১৫০০০ মিটার চেইনেজে তিতাস নদীর উপর ৫৭৫ মিটার পিসি গার্ডার সেতু এবং মানিকগঞ্জ জেলার সদর উপজেলাধীন মানিকগঞ্জ-সিঙ্গাইর আরএইচডি রাস্তায় কালিগঙ্গা নদীর উপর ৪৫৬ মিটার পিসি গার্ডার সেতু উদ্বোধন। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসার যৌথ অর্থায়নে প্রায় ১৮শ কোটি টাকা ব্যয়ে ৯ কোটি লিটার পরিশোধন ক্ষমতাসম্পন্ন শেখ রাসেল পানি শোধনাগার প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৫ সালে। এর আগে ২০১৮ সালের নভেম্বরে পরীক্ষামুলক ভাবে চালু হয় শোধনাগারটি। হালদা নদী থেকে পানি তুলে ৬ ধাপে পানি পরিশোধন শেষে সরবরাহ লাইনে দেয়া হয়।

বর্তমানে চট্টগ্রাম শহরে পানির চাহিদা রয়েছে ৪২ কোটি লিটার। আর ওয়াসার সক্ষমতা রয়েছে ৩৬ কোটি লিটার। এর মধ্যে শেখ হাসিনা পানি শোধনাগার থেকে ১৪ কোটি লিটার, মোহরা পানি শোধনাগার থেকে ৯ কোটি লিটার, শেখ রাসেল পানি শোধনাগার থেকে ৯ কোটি লিটার এবং নলক‚প থেকে ৪ কোটি লিটার পানি সরবরাহ করা হয়। নতুন প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম শহরে বিশুদ্ধ পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ২ হাজার ৫৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ থেকে দৈনিক ১১ কোটি লিটার পানি পরিশোধন করা সম্ভব হবে। যা স্থানীয় ৭৫ শতাংশ পানির অভাব পূরণসহ খুলনা শহরের আরো ১৫ লাখ জনগণ সেবার আওতায় আসবে।

প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধনকালে সকলকে পানি সাশ্রয়ের বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমাদের পানি পরিশোধনে যে ব্যয় তার চেয়ে অনেক কম টাকা জনগণের কাছ থেকে নেয়া হয় কাজেই পানির অহেতুক অপচয় করবেন না। ’

স্থানীয় সরকার বিভাগে গুরুত্বপূর্ণ ৯ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদী এবং মানিকগঞ্জ সদরের কালিগঙ্গা নদীর ওপর দুইটি সেতু নির্মাণ করা হয়েছে।

তিতাস নদীর ওপর ৫ দশমিক ৭৫ মিটার সেতুটি নির্মাণে ৩৭ কোটি ৯৫ লাখ টাকা এবং কালিগঙ্গা নদীর ওপর নির্মিত ৪৫৬ মিটার সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ৫৪ কোটি ২৯ লাখ টাকা।

ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর-এক্সপ্রেস’ নামে একজোড়া ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর’ এক্সপ্রেস, ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পুরনো কোচ বদলে পাহাড়িকায় ১৪টি এবং উদয়নে ১৩টি নতুন কোচ সংযোজন করা হয়।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনে ১৩টি বগি রয়েছে। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বগি দু’টি, আটটি শোভন চেয়ার বগি, দু’টি খাবার বগি ও একটি পাওয়ারকার বগি রয়েছে।

শীতাতপ নিয়ন্ত্রিত দু’টি বগিতে মোট ১১০টি আসন রয়েছে। প্রতিটি আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৬ টাকা। আটটি শোভন চেয়ার বগিতে মোট ৫১০টি আসন রয়েছে। এর প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা করে।

সাপ্তাহিক বন্ধ রোববার ছাড়া ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১০টায় জামালপুর স্টেশনের উদ্দেশে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে এবং বিকেলে ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে।

সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। যাত্রাপথে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সরিষাবাড়ী, তারাকান্দি, হেমনগর, ভূয়াপুর, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যাত্রাবিরতি করবে।

নতুন এই ট্রেনে ব্যবহৃত মিটারগেজ কোচসমুহ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার পিটি ইনকা হতে সংগৃহিত।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ কোচ দ্বারা আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেন চালুর মধ্য দিয়ে রেল ব্যবস্থায় বাংলাদেশ রেলওয়ের আরো একধাপ এগিয়ে যাবে। অত্যাধুনিক যাত্রী সুবিধা সম্বলিত প্রতিটি কোচ স্টেইনলেস স্টীলের তৈরি।

ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের হুইল চেয়ারসহ চলাচলের সুবিধার্থে থাকছে মেইন দরজা ও টয়লেট ব্যবস্থাসহ নির্ধারিত আসন সুবিধা।

শীতাতপ নিয়ন্ত্রিত কোচে রয়েছে পরিবেশ বান্ধব বায়ো-টয়লেট এবং আধুনিক ও উন্নত মানের রুফ মাউন্টেড এয়ার কন্ডিশনার ইউনিট সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

এছাড়াও ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সেবা ‘রাজবাড়ি এক্সপ্রেস’ নামে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত এবং পাবনা এক্সপ্রেস ট্রেনের সেবা ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে পাবনা জেলার ঢালারচর পর্যন্ত বর্ধিত করা হচ্ছে।

এছাড়া, চট্টগ্রাম-সিলেট রুটে চলাচলরত ‘উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের রেক নতুন আমদানিকৃত কোচ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পার্বত্য চট্টগ্রামের নৃ-গোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখন সারাদেশের মানুষ দেখতে পাবেন। অনুষ্ঠানে ছেলেমেয়েদের অংশগ্রহণ বাড়বে।

সংস্কৃতিকর্মীদের আয়-উপার্জনের সুযোগ হবে। সর্বোপরি প্রত্যেক মানুষের ভেতর যে সুপ্ত প্রতিভা আছে, মেধা আছে, তা বিকশিত হওয়ার সুযোগ হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয়। প্রথমে শুধু ১ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার হতো। এরপর এই কেন্দ্রের অনুষ্ঠান ৩ ঘন্টায় উন্নীত হয়। সে সময় চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান ঢাকা কেন্দ্রে দেখা যেতো না। তারপর চট্টগ্রাম কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরে ৪৪ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়। সেই ধারাবাহিকতায় ২০১৬ সালে সম্প্রচার ৬ ঘন্টায় উন্নীত করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে ক্যাবল টেলিভিশন চ্যানেল হিসেবেও আত্মপ্রকাশ করে। এখন সারাদেশে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান দেখা যায়।
পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা প্রদানের জন্য মোবাইল অ্যাপস ভিত্তিক ‘পল্লী লেনদেন’ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজ যে অ্যাপসের উদ্বোধন করা হলো তা ব্যবহার করে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে তৃণমূল পর্যায়ের একজন মহিলা মোবাইলের মাধ্যমে লেনদেন করতে পারবে।

গ্রামের একজন নিঃস্ব মহিলা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্যই তাঁর সরকার ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ এবং ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প চালু করেছে বলে তিনি উল্লেখ করেন।

এর মাধ্যমে ২২ লাখ জনগণ সেবার আওতায় আসবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অর্থমন্ত্রী এ এইচ এম মুস্তাফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং সাবেক কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Feb2

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এসময় ছাত্রদলের হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা-কর্মী আহত হন।

আজ শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান।

তাদের মধ্যে কথা বলার এক পর্যায়ে হঠাৎ পেছন থেকে কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে এবং অতর্কিত হামলা চালায়। এই হামলায় এনসিপির স্থানীয় কয়েকজন যুবক আহত হয়েছেন।

ভুক্তভোগী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে হামলার বিস্তারিত জানান। তিনি অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টে লেখেন, “প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।”

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা এ সময় তাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর তারা থানায় অবস্থান নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। একই সাথে ছাত্রদল, যুবদল ও বিএনপি থানার সামনে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি ফেসবুক পোস্টে দাবি করেন।

এই ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ থেকে তারা স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার এক কর্মকর্তা।

তিনি বলেন, ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার মনিরকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়, সে যৌন নিপীড়নের শিকার হয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিকেলের দিকে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবকের নাম মনির। তিনি স্থানীয় একটি ডেকোরেশন দোকানে কাজ করেন। তাদের অভিযোগ, মনির তাদের কাছে নিজের অপরাধ স্বীকারও করেছেন।

অভিযুক্ত মনির নিজের অপরাধ স্বীকার করেছেন বলে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়লেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল বিকেল ৪টার দিকে স্থানীয়রা অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে ‘বিসমিল্লাহ ম্যানশন’ নামের একটি ভবন ঘেরাও করে রাখেন। একপর্যায়ে ভবনটির কলাপসিবল গেট ভেঙে ফেলার চেষ্টাও করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। অন্যদিকে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পথ আটকে দেয় এবং তাকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। বিকেল সাড়ে চারটা থেকে পুলিশকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। এরপর রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন স্থানীয়রা। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয়দের বাধার মুখে তখন পুলিশ অভিযুক্ত নিয়ে যেতে পারেনি।

পরে রাত ১১টা সময় দিকে জনবল বাড়ায় পুলিশ। পরে বিদ্যুৎ বন্ধ করে অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় ফাঁকা গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এসময় স্থানীয়রা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। এতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

রামিসার বাসার সামনে বিক্ষোভ, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
রামিসার বাসার সামনে বিক্ষোভ, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় এখনও থামেনি মানুষের ক্ষোভ আর কান্না।

শুক্রবার (২২ মে) সকাল থেকেই পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছোট-ছোট সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায় স্থানীয়দের।

সেখানে গিয়ে দেখা যায়, বেলা ১১টার পর থেকে রামিসাদের বাসার সামনের গলিতে একে একে জড়ো হন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। অনেকের হাতে ছিল ‘রামিসার হত্যাকারীর ফাঁসি চাই’, ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড।

এসময় এলাকাজুড়ে ছিল থমথমে পরিবেশ। স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে না।

একটি মানববন্ধনে অংশ নেওয়া লামিয়া খানম নামে এক নারী বলেন, আমরা নিজের সন্তানদের নিয়েই এখন আতঙ্কে আছি। একটা শিশুকে এত নির্মমভাবে হত্যা কোনো মানুষ করতে পারে না।

এদিকে সন্তান হারানোর শোকে এখনও প্রায় নির্বাক রামিসার মা-বাবা। শুক্রবার (আজ) দুপুর ১২টার দিকে মেয়ের কুলখানি ও মিলাদে অংশ নিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। যাওয়ার আগে বাসার সামনে জড়ো হওয়া মানুষদের কান্না আর সান্ত্বনার শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ।

পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার (২১ মে) রাতে সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে দাফনের সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। রামিসার মা এখনও মেয়ের জামাকাপড় ও ব্যবহৃত জিনিসপত্র বুকে জড়িয়ে কাঁদছেন। আর বাবা আব্দুল হান্নান মোল্লা বারবার মেয়ের শেষ আবদারের কথা মনে করে ভেঙে পড়ছেন। দুই দিন আগে মেয়ের জন্য একটি বোরকা কিনে এনেছিলেন তিনি। কিন্তু সেই বোরকা আর পরা হয়নি রামিসার।

গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ বাসার পাশ থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গোপনের চেষ্টা করেন। ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। এ ঘটনায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।