রংপুরে সাদ এরশাদ জয়ী
-এরশাদ
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়াম্যান এরশাদের রংপুর-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন পুত্র সাদ এরশাদ।
এই আসনটিতে মোট ১৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। বেসরকারি ফলাফলে মোট ৫৮,৮৭৮ ভোট পেয়েছেন এরশাদপুত্র সাদ এরশাদ। বিএনপির প্রার্থী রিটা রহমান পেয়েছেন ১৬,৯৪৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার পেয়েছেন ১৪,৯৮৪ ভোট।
প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের এই আসনের সব কেন্দ্রে ভোটগ্রহণ হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে।
এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আল মাহি সাদ এরশাদ, বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মটরগাড়ি), এনপিপির শফিউল আলম (আম), গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করেন।
শনিবার সকালে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকে। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ।
তবে, নির্বাচনি কেন্দ্র ঘুরে দেখে ভোটের মাঠ সবার জন্য সমান না হওয়ার অভিযোগ করেন, বিএনপি প্রার্থী রিটা রহমান। এদিকে, কোন প্রার্থীর কাছ থেকে কোন অভিযোগ পাননি বলে জানান রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।


আপনার মতামত লিখুন