আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ২ দোকান
২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার পশ্চিমচাল গ্রামের কবিবের দোকানের মোড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে।
এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কবিরের দোকানের মোড়ে হঠাৎ করে মদিনা ইলেকট্রনিক হার্ডওয়্যারের দোকানে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিইউএফএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় দুই ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। হার্ডওয়্যারের দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের আরও একটি দোকান পুড়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।


আপনার মতামত লিখুন