বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো:রেজাউল
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রামকে জনবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে মহানগর, উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
মেয়র পদে মনোনয়ন পাওয়া রেজাউল বলেন, ‘অর্থবিত্তের প্রতি আমার কোন মোহ নাই। এমএ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, মহিউদ্দিন চৌধুরীরা যেই পথে গিয়েছেন আমিও সেই পথে যাবো।এই চট্টগ্রাম একসময় সৌন্দর্যের রানী ছিল। আজ পাহাড় কেটে চট্টলা ধ্বংসের মুখে। অতি দূষণে কর্ণফুলী মরে যাচ্ছে। সকলকে নিয়ে পরামর্শ করে এই চট্টগ্রামের হৃত গৌরব ফিরিয়ে দিতে চাই।’
তিনি বলেন,‘মেয়র নির্বাচনে অনেক ত্যাগী, সৎ নেতা মনোনয়ন চেয়েছেন। নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি শেখ হাসিনার প্রতিনিধি ছাড়া কিছুই নই। এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৭ বছর এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন। মাঝখানে পাঁচবছর বিএনপি থেকে একজন মেয়র ছিলেন। ২০১৫ সালে আ.জ.ম নাছির উদ্দীন জনরায়ে নগরপিতা হিসেবে দায়িত্ব নেন। মহিউদ্দিন চৌধুরী-আ.জ.ম নাছির উদ্দীন জনবান্ধব যে নগর গড়ে তুলেছেন সে ধারা অব্যাহত রাখব।’
তিনি আরো বলেন, মেয়র নির্বাচিত হলে সবার সঙ্গে সমন্বয় করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবো।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত সময়ে চট্টগ্রামে রেকর্ড সংখ্যক উন্নয়ন কাজ হয়েছে। সিডিএ চেয়ারম্যান ছালাম সাহেব (আবদুচ ছালাম) যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন, বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ তা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মেয়র নির্বাচিত হলে আ.জ.ম নাছির উদ্দীনের উন্নয়নের ধারা অব্যাহত রাখব। আমি সমন্নিতভাবে উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাব।
এর আগে দুপুর দেড়টার দিকে মহানগর প্রভাতী ট্রেনে রেজাউল করিম চৌধুরীর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফেরার কথা ছিল। পরে ট্রেনটি বিলম্বিত হয়ে বিকেল ৩টায় পৌঁছলে অনুষ্ঠান শুরু হয়।
মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।
উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন