আগ্রাবাদ সিডিএতে শিশু গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্য!
২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একটি বাসা থেকে ডালিয়া আক্তার নামে ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ওই বাসার গৃহকর্তা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ওই এলাকার মিন্তি হাউজ নামে একটি ভবনে ঘটনাটি ঘটে। মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
গৃহকর্তার পক্ষ থেকে বলা হয়েছে গৃহকর্মী ডালিয়া সকলের অগোচরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ঘটনাটি দেখতে পেয়ে রাতে ডালিয়াকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, চমেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে ২৩ ফেব্রুয়ারি রবিবার রাতে এক শিশু গৃহকর্মীর মরদেহ নিয়ে আসে গৃহকর্তা। গৃহকর্তার পক্ষ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি নিশ্চিত করে জানা যাবে জানিয়ে ওসি বলেন, বর্তমানে শিশুটির লাশ হাসপাতাল মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন