লালখান বাজারে বেকারিতে ক্ষতিকর রং ও বাসি উপকরণে তৈরি হচ্ছে পাউরুটি-বিস্কুট
২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লালখান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি খাবারের প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
লাইসেন্স ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে পচা, বাসি খামি ও নানা ভেজাল দ্রব্য মিশ্রণ করে এবং ক্ষতিকারক রং ব্যবহারে বিস্কুট ও পাউরুটি তৈরির অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
২৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে নগরীর লালখান বাজার এলাকার নিউ সুইটস কেয়ার বেকারি এবং ফ্রেন্ডশিপ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
তিনি বলেন, ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদনের দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী ফ্রেন্ডশিপ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত পণ্য ও ভেজাল তেল ধ্বংস করা হয়।
তাছাড়া লাইসেন্স ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট ও কেক সহ খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একই এলাকার নিউ সুইটস কেয়ার বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যায়।
অভিযানে পুলিশ প্রশাসন ছাড়াও বিএসটিআই চট্টগ্রামের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্তিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।



আপনার মতামত লিখুন