বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার সকাল সাতটার কিছু পর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
পরে আওয়ামী লীগের প্রধান হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন এবং সেখানে বেশ কিছু সময় কাটান। এরপর ৭টা ৫৬ মিনিটে সেখান থেকে চলে যান।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও।


আপনার মতামত লিখুন