খুঁজুন
, ,

৩ কি.মি.পায়ে হেটে সড়কে জীবাণুনাশক ঔষুধ মিশানো পানি ছিটালেন মেয়র নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 25 March, 2020, 6:36 pm
৩ কি.মি.পায়ে হেটে সড়কে জীবাণুনাশক ঔষুধ মিশানো পানি ছিটালেন মেয়র নাছির

২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর দামপাড়া থেকে মুরাদপুর মোড় পর্যন্ত প্রায় ৩ কি. মি. পথ পায়ে হেটে সড়কে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় দামপাড়াস্থ ওয়াসার মোড়ে জীবাণুনাশক ঔষুধ মিশানো ভাউজারের পাইপ হাতে নিয়ে রাস্তার দুই পাশে ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় রাস্তার দু’পাশে উৎসুক জনতা মেয়রের এই কার্যক্রমকে হাত নেড়ে সমর্থন দেন এবং অভিনন্দন জানান। এর জবাবে সিটি মেয়র তাঁর স্বভাব সুলভ হাসি দিয়ে এবং হাত নেড়ে নগরবাসীকে ধন্যবাদ জানান।

এই কার্যক্রম উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে।

এ ভাইরাসের সংক্রামণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, গণপরিবহন ও ময়লা পোশাক এড়িয়ে চলা, ফলমূলের রসসহপর্যাপ্ত পানি পান করা, ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়া, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সিদ্ধ করা, নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গাসহ ঘরের আঙিনা পরিষ্কার রাখতে হবে। জীবাণূনাশক ছিটাচ্ছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

নগর পরিচ্ছন্ন রাখতে চসিকের উদ্যোগে সড়কে জীবাণুনাশক ঔষুধ মেশানো পানি ছিটানো হচ্ছে বলে সিটি মেয়র উল্লেখ করেন। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চসিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চসিক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবো শতভাগ আন্তরিকতার সাথে এবং নাগরিক দায়বদ্ধতা থেকে এ কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

প্রতিটি ওয়ার্ডে যেখানে লোক সমাগম হয় সেখানেও জীবাণুনাশক পানি ছিটানো হবে। শুরুতে নগরীর প্রধান প্রধান সড়কে এবং পরবর্তীতে অলিগলিতে জীবাণুনাশক পানি ছিটানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া গতকাল মঙ্গলবার নগরীর আদালত ভবন, বিভিন্ন হাটবাজার, রাস্তার মোড়গুলোতে হ্যান্ড মেশিন দিয়ে স্প্রে করা হয়। নগরীর বিভিন্ন স্থানে কর্পোরেশনের অনেক হাটবাজার ও মার্কেট রয়েছে। এই বাজারগুলো আগত ক্রেতা-বিক্রেতা সর্বসাধারণকে করোনাভাইরাস থেকে রক্ষার নিমিত্তে চসিকের উদ্যোগে হাত ধোয়া কর্মসূচি নেয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোন তথ্য জানার জন্য চসিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারে নগরবাসী। এলাকায় কেউ হোম কোয়ারেন্টাইন না মানলে সে তথ্যও জানাতে পারবে নাগরিকবৃন্দ। কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে ০৩১-৬৩০৭৩৯ ও ০৩১-৬৩৩৬৪৯।

চসিক সূত্রে জানা যায়, চসিকের ৩টি ভাউজারে প্রতিদিন নগরীর প্রধান সড়কে পরিস্কার পরিচ্ছন্ন কাজে দৈনিক ৪২ হাজার লিটার জীবাণুনাশক ঔষধ (ব্লিচিং পাউডার মেশানো) পানি ছিটানো হবে। ৩টি মধ্যে ২টি ১৬ হাজার লিটার সম্পন্ন পানির ভাউজার এবং অপরটি ১০ হাজার লিটারের ভাউজার রয়েছে।

আজ বুধবার ভাউজার গুলোর একটি দামপাড়া থেকে কালুঘাট, অপরটি দামপাড়া থেকে পতেঙ্গা, আরেকটি দামপাড়া হয়ে চট্টেশ্বরী, চকবাজার, সিরাজদৌল্লা, আন্দরকিল্লা, কোতোয়ালী, নিউ মার্কেট, জুবলী রোড হয়ে পুনরায় দামপাড়ায় ফিরে আসবে।

ভাউজার গুলো প্রতিদিন এ পরিক্রমায় জীবাণুনাশক পানি রাস্তায় ছিটানোর কাজে নিয়োজিত থাকবে। এই তিন ভাউজারের মাধ্যমে চসিক প্রতিদিন ৪২ হাজার লিটার জীবাণুানাশক মিশ্রিত পানি নগরীর প্রধান প্রধান সড়কে ছিটাবে বলে চসিক সূত্রে জানা গেছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী যিশু ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক।

২৪ ঘন্টা/আর এস পি

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।