করোভাইরাসে আক্রান্তদের জন্য বিশেষ বিমা:প্রধানমন্ত্রী
করোভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শুরু থেকেই যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে বিশেষ বিমার আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারী যারা রয়েছেন, তাদের জন্য বিশেষ ইনস্যুরেন্সের ব্যবস্থা করে দেবো। অর্থমন্ত্রী ও অর্থ সচিবের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা এই ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছি।
মঙ্গলবার (৭ এপ্রিল) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, ত্রাণ বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারী যারা কোভিড-১৯ রোগের বিরুদ্ধে দিন-রাত কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা ধন্যবাদ পাওয়া যোগ্য। এ অবস্থার মধ্যেও আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, সে কারণেই আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম রাখতে সমর্থ হয়েছি। তাই আমি শুধু খালি মুখে ধন্যবাদ দেবো না, আপনাদেরও পুরস্কৃতও করতে চাই।
এ ক্ষেত্রে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থাসহ সরকারি পদমর্যাদাভেদে ৫ থেকে ১০ লাখ টাকার বিমা করে দেওয়া হবে। আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে এই বিমার অঙ্ক হয়ে যাবে পাঁচ গুণ।


আপনার মতামত লিখুন