করোনায় মারা গেলেন দেশের বিখ্যাত রেডিওলজিস্ট অধ্যাপক মোকারিম
প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম
২৪ ঘণ্টা ডট নিউজ:বৈশ্বিক মহামারি প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইবনে সিনা ট্রাস্টের চিফ রেডিওলজিস্ট কনসালটেন্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সোয়া ১১টার দিকে ঢাকার সিএমএইচ-এ তিনি মারা যান।
তার পরিবার সূত্রে বিষয়টি জানা গেছে। এছাড়া ইবনে সিনা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আকরামও মৃত্যুর তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘স্যার গতরাতে মারা গেছেন বলে আমি শুনেছি। উনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।’
ডা. আবুল মোকারিম মারা যাওয়ার বিষয়ে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন বলেন,তিনি ইবনেসিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন। কিছুদিন আগে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। করোনায় এখন পর্যন্ত আমরা তিনজন চিকিৎসককে হারালাম।’
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল মোকারিন করোনায় আক্রান্ত হলে প্রথমে তাকে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় সিএমএইচে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সোয়া ১১টার দিকে না ফেরার দেশে চলে যান প্রখ্যাত এই রেডিওলজিস্ট।
আজ বুধবার বাদ জোহর তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা।
‘অযথা বাড়তি খরচ কেন করবেন? চলে আসুন ইবনে সিনায়’ এই বিজ্ঞাপনে আবুল মোকারিনকে গণমাধ্যমে দেখা যেত।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে প্রথম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন ১৫ এপ্রিল ভোরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন