এমপি ইসরাফিল আলম আর নেই
নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম (৫৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইসরাফিল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে ইসরাত সুলতানা।
এমপির ভাগ্নে মনোয়ার হোসেন জানিয়েছেন, আজ লাশ এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাবা-মায়ের কবরের পাশে তার দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য ইসরাফিল আলম। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে গত ১২ জুলাই তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা বেড়ে গেলে ১৭ জুলাই আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ইসরাফিল আলমকে।
শ্রমিক নেতা ইসরাফিল আলম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি।
বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে আছেন তিনি।
এ ছাড়া তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন