সাহস থাকলে ভোটারদের ভোট দিতে দেন : জাহাঙ্গীর
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘যতই সন্ত্রাস করেন ঢাকা-১৮ আসনের ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন তারা ভোট কেন্দ্রে যাবে। আমি আওয়ামী লীগ প্রার্থীকে চ্যালেঞ্জ করছি, ঢাকা আসনে সাহস করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করুন। একবার হলেও আপনারা (আওয়ামী লীগ) নিরপেক্ষ ভোট দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্বাজচনী গণসংযোগ শেষে উত্তরা-১০ নম্বর সেক্টরের সুইচ গেইট এলাকায় শহীদ মনসুর আলী কলেজ ও হাসপাতালের সামনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
এদিন বেলা ১১টা থেকে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১০, ১১, ১২ সড়কসহ ওয়েস্টার্ন ল্যাবরেটরি, কেন্দ্রীয় জামে মসজিদ, টাচস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় গণসংযোগ করেন তিনি।
প্রচারের চতুর্দশ দিনে এস এম জাহাঙ্গীরের সঙ্গে উপস্থিত ছিলেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপি দলীয় মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
জাহাঙ্গীর বলেন, ‘আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের ভোট। আপনারা সারাদেশে অনেক নির্বাচন এই সরকারের আমলে দেখেছেন। এই সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। জনগণকে তারা কেন্দ্রে আসতে দেয় না। আওয়ামী লীগকে বলব, আপনারা যতই সন্ত্রাস করেন ১২ নভেম্বর জনগণ কেন্দ্রে যাবে এবং ধানের শীষের ভোট দেবেন। জনগণ ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়ার বিজয় শুরু করবে। ’
পথসভায় ধানের শীষের এ প্রার্থী বলেন, ‘আমরা যেখানেই গণসংযোগে নামি, সেখানেই হাজার হাজার জনতা আমাদের সঙ্গে নেমে এসেছে। যদি সাহস থাকে তাহলে গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিয়ে দেখেন। আপনাদের অনৈতিক কর্মফল মূল্যায়ন ও আপনাদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য হলেও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন সুষ্ঠু করেন।’
পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর বলেন, ‘আমরা আশাকরি, ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ দেবেন। আমাদের নেতাকর্মীদের বিনা কারণে ডিস্টার্ব করবেন না। আমি বিশ্বাস করি পুলিশেও অনেক ভালো লোক আছে। যারা বিবেকবান তারা বিবেক দিয়ে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করবেন।’
দেশে বর্তমান ধর্ষণ-নারী নির্যাতন, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে এবং খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন প্রসঙ্গ টেনে জাহাঙ্গীর বলেন, এই নির্বাচন সুষ্ঠু না হলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেবে।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন