সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু
রাজধানীর মিরপুর রূপনগর আবাসিক এলাকায় গতকালের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চোখ হারানো শিশু নিহাদের (৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শরু মিয়ার ছেলে নিহাদ। রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ১২ নম্বর রোডে পরিবারের সঙ্গে থাকতো সে।
বুধবার বিকেল পৌনে ৪টায় রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রূপনগরের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে ঢামেকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ শিশু, ২ জন পুরুষ ও একজন নারী রয়েছে।


আপনার মতামত লিখুন