খুঁজুন
, ,

যুবলীগের সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 13 January, 2021, 9:33 pm
যুবলীগের সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টন

.jpg

যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিতে এবার দায়িত্ব বণ্টন করা হয়েছে নেতাদের মধ্যে।

মঙ্গলবার রাতে আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস পরবর্তীতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। পরে যুবলীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম ভার্চুয়ালি সভায় এই দায়িত্ব বণ্টন করা হয় এবং বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, ডা. খালেদ শওকত আলী, এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, মো. এনামুল হক খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জুয়েল আরেং এমপি, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন ও এম শাহাদাত হোসেন তসলিম।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভার আনুষ্ঠানিক বক্তব্য প্রদান-পরবর্তীতে সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য প্রদান করেন।

দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হচ্ছে সাংগঠনিক দায়িত্ব বণ্টন। ৯টি সাংগঠনিক বিভাগের জন্য ৯ জন সাংগঠনিক সম্পাদকবৃন্দের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদকদের সাংগঠনিক সম্পাদকদের সাথে দু’টি করে বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দের দায়িত্বপ্রাপ্ত বিভাগসমূহ : বরিশাল বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক, সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, রাজশাহী বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম উত্তর বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, ঢাকা উত্তর বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলাম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, রংপুর বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, ঢাকা দক্ষিণ বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল, খুলনা বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, সিলেট বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির।

যুবলীগ চেয়ারম্যানের এ সংক্রান্ত বিষয়ের উপর প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ প্রস্তাব উত্থাপন করে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে। মানুষের মাথাপিছু আয় ক্রমান্বয়ে বাড়ছে, জীবন- যাত্রার মান বাড়ছে। এই সময়ে নির্বাহী সদস্যদের মাসিক চাঁদার পরিমাণ হওয়া উচিত ২০০০ টাকা এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের চাঁদার পরিমাণ হওয়া উচিত ১০০০ টাকা।

যদি কোনো নির্বাহী সদস্য/কেন্দ্রীয় কমিটির সদস্য এককালীন বাৎসরিক/ষান্মাসিক/ত্রৈমাসিক চাঁদার অর্থ অগ্রীম পরিশোধ করতে চান, সেই সুযোগ সদস্যদের জন্য রাখা উচিত এবং সদস্যদের মাসিক চাঁদা ক্যাশ/মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস/ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করার সুযোগ রাখতে হবে। প্রস্তাবের পক্ষে সমর্থন জানান প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন। নীতি নির্ধারণী সভার সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে প্রস্তাবের পক্ষে মত দেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন কমিটি : ১) প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ২) প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ৩) সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, ৪) উপ- ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, ৫) সহ-সম্পাদক নাজমুল হুদা চৌধুরী ওয়ারেসী চঞ্চল আগামী এক মাসের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচির তালিকা দিতে হবে।

এছাড়া যুবলীগের উদ্যোগে প্রকাশনা, পুস্তিকা, বুকলেট প্রকাশের জন্য একটি কমিটিও প্রস্তুত করা হয়।

প্রকাশনা প্রকাশ সংক্রান্ত কমিটি : ১) প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ২) গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, ৩) উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নবিরুজ্জামান বাবু। উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে বিভিন্ন ধরনের প্রকাশনা প্রকাশের রূপরেখা জমা দিতে বলা হয়েছে।

যুবলীগের নীতি নির্ধারণী সভায় একটি বাজেট প্রণয়ন কমিটি গঠন করা হয়। বাজেট প্রণয়ন কমিটি : ১) প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, ২) অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, ৩) উপ-অর্থ সম্পাদক শরিফুল ইসলাম দুর্জয়, ৪) সহ-সম্পাদক আজিজুর রহমান সরকার, ৫) নির্বাহী সদস্য ড. আশিকুর রহমান শান্ত। উপর্যুক্ত কর্মকর্তাবৃন্দ বাজেট প্রণয়নে সরকারি রীতি-নীতি অনুসরণপূর্বক আগামী দুই মাসের মধ্যে খসড়া বাজেট প্রণয়ন করবেন।

Feb2
Feb2

ডিসি জাহিদের উদ্যোগ: প্লাস্টিক জমা দিয়ে চিড়িয়াখানায় শিক্ষার্থীদের ভিড়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 4 September, 2026, 10:12 pm
ডিসি জাহিদের উদ্যোগ: প্লাস্টিক জমা দিয়ে চিড়িয়াখানায় শিক্ষার্থীদের ভিড়

ছুটির দিনে হাতে পরিত্যক্ত প্লাস্টিক নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় ভিড় করেছে শিক্ষার্থীরা। ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনা মূল্যে চিড়িয়াখানা ঘুরে দেখার সুযোগ নিতে শুক্রবার অনেক শিক্ষার্থী পরিবার ও বন্ধুদের সঙ্গে সেখানে আসে।

পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে প্রকৃতি ও বাস্তব জগতের সঙ্গে সম্পৃক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসন এ কর্মসূচি চালু করেছে।

শুক্রবার চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা প্লাস্টিকের বোতল, প্যাকেটসহ পরিত্যক্ত প্লাস্টিক নিয়ে আসছে। নির্ধারিত স্থানে ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিয়ে তারা বিনা মূল্যে প্রবেশের সুযোগ নিচ্ছে। অনেকের সঙ্গে এসেছেন অভিভাবকেরাও।

চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফ ইসলাম ও তার সহপাঠী সারোয়ার হোসেনও পরিত্যক্ত প্লাস্টিক নিয়ে চিড়িয়াখানায় আসে। জেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করে আরিফ বলে, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াবে।

আরিফ বলে, ‘এখন থেকে রাস্তায় কোনো প্লাস্টিক বর্জ্য দেখলে সেটি নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করব। বন্ধুদেরও একই কাজ করতে উৎসাহিত করব।’

দুই শিশুসন্তানকে নিয়ে চিড়িয়াখানায় এসেছিলেন চট্টগ্রামের বাসিন্দা মো. রাসেল। পরিদর্শন শেষে তিনি বলেন, পরিবেশ রক্ষার সঙ্গে শিশুদের বিনোদন ও প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ যুক্ত করে জেলা প্রশাসন ভালো একটি উদ্যোগ নিয়েছে।

বেসরকারি চাকরিজীবী ইকবাল হোসেনও দুই সন্তানকে নিয়ে ছুটির দিনে চিড়িয়াখানায় আসেন। উদ্যোগটিকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, শুধু শিক্ষার্থীদের নয়, প্লাস্টিক দূষণ রোধে সব নাগরিককেই সচেতন হতে হবে।

ইকবাল বলেন, নগরের বিভিন্ন স্থানে পরিত্যক্ত প্লাস্টিক ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন রাখা হলে নাগরিকদের অভ্যাসেও ধীরে ধীরে পরিবর্তন আসবে। এতে রাস্তাঘাটে যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার প্রবণতা কমানো সম্ভব হবে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম চিড়িয়াখানায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কর্মসূচির আওতায় ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনা মূল্যে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারছে। উদ্বোধনী দিনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি করে গাছের চারাও দেওয়া হয়।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মের সুস্থ মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। মোবাইল ফোন, অনলাইন ভিডিও ও ভার্চুয়াল জগতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে কিছু সময়ের জন্য হলেও শিক্ষার্থীদের প্রকৃতির কাছে ফিরিয়ে আনার চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি বলেন, প্লাস্টিক কৃষিজমি, সমুদ্র ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করছে। তাই ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করা প্রয়োজন।

শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের পরিকল্পনাও রয়েছে জেলা প্রশাসনের। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘তরুণ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে লাভ বা মুনাফা মুখ্য নয়। এটি ভবিষ্যৎ প্রজন্ম, দেশ ও জাতির জন্য একটি বিনিয়োগ।’

৭ বছরে কাপ্তাই সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 4 September, 2026, 10:26 am
৭ বছরে কাপ্তাই সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

‎‎রাঙামাটির কাপ্তাইয়ে দেশের প্রথম অন-গ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে গত সাত বছরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ৬ কোটি ৩৭ লাখ ইউনিট বিদ্যুৎ। ৭ দশমিক ৪ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্রটি পরিত্যক্ত জমিতে নির্মাণের পর থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদিত বিদ্যুতের আনুমানিক বাণিজ্যিক মূল্য প্রায় ৭৪ কোটি টাকা।

জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে কাপ্তাইয়ের এ সৌরবিদ্যুৎ কেন্দ্রকে দেশের সৌরবিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

‎১৯৬২ সালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর কাপ্তাই বাঁধের পাশে প্রায় ২২ একর জমি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। প্রায় পাঁচ দশক পর ওই জমির ১৯ একর এলাকায় প্রায় ১১১ কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ৪ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। ২০১৯ সালে কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম শুরু হয়।

কাপ্তাই সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে তেল, গ্যাস বা কয়লার প্রয়োজন হয় না। ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতেও সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত সাত বছরে ৭ দশমিক ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৬ কোটি ৩৭ লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয়েছি, যার বাণিজ্যিক মূল্য প্রায় ৭৪ কোটি টাকা।

তিনি বলেন, দেশে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে জ্বালানি আমদানির ব্যয়ও বাড়ছে। এ অবস্থায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জ্বালানি আমদানির ওপর চাপ কমানো সম্ভব। একই সঙ্গে সৌরবিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় তুলনামূলকভাবে কম জনবল প্রয়োজন হয়।

সংশ্লিষ্টরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গ্রামীণ পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ এবং বড় আকারের সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে।

‎এদিকে কাপ্তাই সৌরবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বর্তমান সৌরবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে আরও ১ মেগাওয়াট সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ৭ দশমিক ৬ মেগাওয়াটের নতুন একটি প্রকল্পের কাজ চলছে।

‎তিনি বলেন, সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়ানো গেলে নবায়নযোগ্য জ্বালানি থেকে আরও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।‎

কাপ্তাই সৌরবিদ্যুৎ কেন্দ্রের সাত বছরের উৎপাদন ও সাফল্য দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সৌরবিদ্যুতের বিস্তার ঘটাতে সরকারি সহায়তা, প্রয়োজনীয় নীতিগত সুবিধা ও বিনিয়োগ বাড়ানো গেলে জীবাশ্ম জ্বালানির আমদানি কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা সম্ভব।

রাউজানে যুবককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 4 September, 2026, 10:12 am
রাউজানে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে করিম নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরাণীহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিহত করিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে দলের কোনো পদে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গুলিতে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাউজান উপজেলায় অন্তত ২১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের বেশির ভাগই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ করিমের হত্যাকাণ্ডের পর এ সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জনে।