খুঁজুন
, ,

পৌরসভা নির্বাচন: আ’লীগ ৪৬,বিএনপি ৩,অন্যন্য ১৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 31 January, 2021, 8:59 am
পৌরসভা নির্বাচন: আ’লীগ ৪৬,বিএনপি ৩,অন্যন্য ১৪

তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। শনিবার তৃতীয় ধাপে ৬২ পৌর সভায় ভোট হয়েছে। একটি পৌরসভায় তিন পদে সবাই আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হয়নি। সেই হিসাবে ৬৩ পৌরসভায় ফলাফলে আওয়ামী লীগ জয় পেয়েছে ৪৬টিতে।

এরমধ্যে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। এ ধাপে বিএনপির প্রার্থী মেয়র হয়েছেন ৩ জন। স্বতন্ত্র মেয়র হয়েছেন ১৪ জন; তবে স্বতন্ত্রদের সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুয়ায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের মধ্যে বগুড়ার শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক, নন্দীগ্রামে আনিসুর রহমান ও ধুনটে বর্তমান মেয়র আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র এজিএম বাদশাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের জি এম মীর হোসেন মীরু ও বরুড়ায় মো. বক্তার হোসেন ওরফে বখতিয়ার, সিলেটের গোলাপগঞ্জে স্বতন্ত্র (বিদ্রোহী) আমিনুল ইসলাম রাবেল, জকিগঞ্জে স্বতন্ত্র (বিদ্রোহী) আব্দুল আহাদ, নওগাঁর ধামইরহাটে আমিনুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া যশোরের মণিরামপুরে আওয়ামী লীগের মাহমুদুল হাসান, চুয়াডাঙ্গার দর্শনায় মতিয়ার রহমান, দিনাজপুরের হাকিমপুরে জামিল হোসেন চলন্ত, নড়াইলের নড়াইল পৌরসভায় আঞ্জুমান আরা, কালিয়ায় ওয়াহিদুজ্জামান হীরা, ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভায় ফারুক হোসেন ও কোটচাঁদপুর (বিদ্রোহী) শহিদুজ্জামান সেলিম, শেরপুর নকলায় হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ীতে আবু বক্কর সিদ্দিকী, নেত্রকোনার দুর্গাপুরে আলাউদ্দিন আলাল, কুড়িগ্রামের উলিপুরে মামুন সরকার মিঠু, ঝালকাঠির নলছিটিতে আব্দুল ওয়াহেদ কবির খান, মৌলভীবাজারে ফজলুর রহমান, মুন্সীগঞ্জে হাজী মো. ফয়সাল বিপ্লব, রাজবাড়ীর পাংশায় মো. ওয়াজেদ আলী মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাজশাহীর দুটি পৌর সভার একটিতে আওয়ামী লীগের প্রার্থী ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদে বিজয়ী হয়েছেন।
মোহনপুরের কেশরহাট পৌরসভায় আওয়ামী লীগের শহিদুজ্জামান শহিদ, তানোরের মুন্ডমালা পৌরসভায় আওয়ামী লীগের (বিদ্রোহী) সাইদুর রহমান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মুকিতুর রহমান রাফি, নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের জান্নাতুল ফেরদৌস, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভায় কেএম ওবায়দুল্লাহ বিপ্লব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইলে ৫টি পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা জয় লাভ করেছেন। এরমধ্যে টাঙ্গাইল পৌরসভায় এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইলের মির্জাপুরে সালমা আক্তার, টাঙ্গাইলের ভূঞাপুরে মো. মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইলের মধুপুরে মো. সিদ্দীক হোসেন, টাঙ্গাইলের সখীপুরে মো. আবু হানিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের (বিদ্রোহী) প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের মো: মনির উদ্দিন, বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের কামাল উদ্দিন খান এবং গৌরনদীতে হারিছুর রহমান, লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কিশোরগঞ্জের কটিয়াদী শওকত উসমান, ভোলার দুই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন।

এরমধ্যে ভোলার বোরহানউদ্দিনে মো. রফিকুল ইসলাম, দৌলতখানে জাকির হোসেন তালুকদার, পাবনা পৌরসভায় আওয়ামী লীগের (বিদ্রোহী) শরীফ উদ্দিন প্রধান, ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আওয়ামী লীগ (বিদ্রোহী) মো. মতিউর রহিমান খান, সাতক্ষীরার কলারোয়া আওয়ামী লীগের মনিরুজ্জামান বুলবুল, বরগুনা পৌরসভায় অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, পাথরঘাটায় আনোয়ার হোসেন আকন ও জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগের মনির উদ্দিন এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুরের ভেদরগঞ্জে আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদার, জাজিরা আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র ইদ্রিস আলী মাদবর, নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, ফেনী পৌরসভায় আওয়ামী লীগের নজরুল ইসলাম স্বপন মিয়াজী, নীলফামারী জলঢাকায় আওয়ামী লীগের (বিদ্রোহী) ইলিয়াস হোসেন বাবলু, ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের সেলিম জাহাঙ্গীর ও চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বর্তমান মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বগুড়ার কাহালু পৌরসভায় বিএনপি আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নান, গাবতলীতে বিএনপি প্রার্থী বর্তমান মেয়র সাইফুল ইসলাম পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

এছাড়া নওগাঁ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী নজমুল হক সনি। এদিকে পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. গোলাম কবির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। নৌকা তিনি পেয়েছেন ৩ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুর রহমান খান (মোবাইল ফোন) মার্কা ৩ হাজার ১৪৪ ভোট পেয়েছেন।

এ নির্বাচনে নৌকার প্রার্থী ও সাবেক মেয়র গোলাম কবিরের সাথে কলেজ শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে অংশ নেওয়া মো. মাহমুদুর রহমান খানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের লড়াই ছিল চমক। আর এ কারণে ভোটারদের মধ্যে আলোচনায় ছিল এই স্বতন্ত্র প্রার্থী।

দলীয় প্রতীকের এ ভোটে মেয়র পদে প্রথম ধাপে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির দুই জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির ৪ জন, জাতীয় পার্টির ১ জন, জাসদের ১ জন ও ৮ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। মহামারির মধ্যে প্রথম ধাপে ৬৫ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৬২ শতাংশ ভোটগ্রহণ হয়।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।