লকডাউনেও মিনিট্রাক-মাইক্রোবাসে ইয়াবা পাচার : লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ তিন কারবারী আটক
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউনেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মিনিট্রাক ও মাইক্রোবাসে করে ইয়াবা পাচারকালে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং পাচারকাজে ব্যবহ্নত ১টি মিনিট্রাক ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হল- বরিশালের গৌরনদী এলাকার মৃত বাদশা সরকারের পুত্র সুজন সরকার (৩০), পটুয়াখালীর ধুমকি এলাকার মালেক সিকদারের পুত্র নিজাম সিকদার (৩৭) ও কক্সবাজারের নাপিতখালীর জাফর আলমের পুত্র রিয়াজ উদ্দিন (২২)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো : রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে সুজন সরকার ও নিজাম সিকদারের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একই স্থানে চট্টগ্রাম অভিমুখী অপর একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে রিয়াজ উদ্দিনের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মোট ১৫ হাজার পিস ইয়াবা এবং তিন মাদক কারবারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার ইয়াবা কারবারী বলে স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজুর পর শনিবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
২৪ ঘণ্টা/আজাদ


আপনার মতামত লিখুন