রজার ফেডেরার সরলেন ইউএস ওপেন থেকে
রজার ফেডেরারকে এই বছরে আর কোর্টে দেখা যাবে না। এমনকী ফের তিনি কবে কোর্টে ফিরতে পারবেন বা আদৌ পারবেন কিনা তা নিয়েই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল ফেডেরারের ইনস্টাগ্রাম পোস্টের পরই।
গত ৮ অগাস্ট ৪০ পূর্ণ করেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেডেরার। নাদালও ভুগছেন চোট সমস্যায়। ফলে ইউএস ওপেনে নোভাক জকোভিচ ফেডেরার ও নাদালের কীর্তি টপকে যেতেই পারেন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেনের পর উইম্বলডন জিতে জকোভিচের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা হয়েছে ২০, যা নাদাল ও ফেডেরারের সমান। ফেডেরার এবার সরে দাঁড়ালেন ইউএস এপেন থেকে।
উইম্বলডন থেকে বিদায় নেওয়ার পর চোটের কারণেই আর টোকিও অলিম্পিকে অংশ নেননি ফেডেরার। ইনস্টাগ্রাম পোস্টে রবিবার তিনি জানিয়েছেন, উইম্বলডন খেলার সময়ই হাঁটুতে ফের চোট লেগেছে। তারপর থেকে লাগাতার চিকিৎসকদের দেখিয়ে পরামর্শ নিয়েছি। মাঝারি বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী যাতে আমি এগোতে পারি সেজন্য তাঁরা আমাকে আরও একবার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সেইমতো আমিও রাজি হয়েছি। কয়েক সপ্তাহ ক্রাচে ভর দিয়ে চলতে হবে। কয়েক মাস কোর্টের বাইরেও থাকতে হবে। খুব কঠিন সময় কাটাতে হবে। তবে যেহেতু আমি সুস্থ-সবল থাকতে চাই, আমি যাতে আগের মতো দৌড়াতে পারি এবং আমি যাতে ফের টেনিস কোর্টে চেনা ছন্দে ফিরতে পারি সে কারণে অপারেশন করাতে রাজি হওয়াটাই সঠিক সিদ্ধান্ত। আমি খুব বাস্তববাদী। আমি জানি এই বয়সে আরও একটি অপারেশন করিয়ে সব কিছু ফের স্বাভাবিক জায়গায় নিয়ে আসা কতটা কঠিন। কিন্তু আমার আশা, এই অপারেশন করালে দীর্ঘদিন আমি ভালো থাকতে পারব। আমি এখনও অ্যাক্টিভ। ফলে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে সেটা সম্ভব হবে।
এন-কে


আপনার মতামত লিখুন