জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট। মসজিদে নাচের ভিডিও ধারণ করায় বুধবার (৮ সেপ্টেম্বর) তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমনটাই জানা গেছে একাধিক সংবাদমাধ্যম সূত্রে।
বলিউডেও অভিনয় করেছেন সাবা কামার। ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। সাবা কামারের সঙ্গে পাকিস্তানি সংগীতশিল্পী বিলাল সাইদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের শুনানি দীর্ঘদিন অগ্রাহ্য করেছেন বিলাল। এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
গত বছর পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ধারায় সাবা ও বিলালের বিরুদ্ধে মামলা করেছিল লাহোর পুলিশ। বারবার আদেশ দেওয়া সত্ত্বেও আদালতে হাজির হননি তারা। তাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের নামে।
জানা গেছে, লাহোরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খান। সেখানে নাচের দৃশ্য ধারণ করেন সাবা। এতে মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন তারা। এমন অভিযোগে তাদের ওপর বেশ চটেছিল পাকিস্তানের জনগণ। নেটদুনিয়ায় অভিনেত্রীকে হুমকিও দেওয়া হয়েছিল।
এরপর অবশ্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বিলাল সাইদ ও সাবা কামার। কিন্তু শেষ রক্ষা হয়নি। মন গলেনি ক্ষুব্ধদের। শুধু তাই নয়, এ ঘটনায় স্থানীয় থানার দুই পুলিশ কর্তাকেও বরখাস্ত করা হয়েছিল।
এন-কে



আপনার মতামত লিখুন