কসবায় ট্রেন দুর্ঘটনা: ৩ তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দু্ই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক যাত্রী।সেনাবাহিনী-পুলিশ ও ফায়ার সার্ভিস এই মুহূর্তে ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ও রেলওয়ে থেকে দু’টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এসব তদন্ত কমিটি গঠন করা হয়।
ঘটনাস্থলের সার্বিক অবস্থা দেখতে এসে রেলওয়ে অধিদফতরের সচিব মো. মোফাজ্জল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান তিনটি তদন্ত কমিটি গঠনের কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জল হোসেন বলেন, রেল বিভাগ থেকে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি তদন্ত শেষে জানা যাবে। উদ্ধার কাজ চলছে। খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নীশিতার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম ও তূর্ণা নীশিতা চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছিল। মন্দভাগ রেল স্টেশনের কাছে ট্রেন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি ট্রেনেরই বেশ কয়েকটি করে বগি দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন