যৌনকর্মী ভাড়া করায় বিখ্যাত পিয়ানোবাদক আটক
যৌনকর্মী ভাড়া করায় চীনের বিখ্যাত পিয়ানোবাদক লি ইউনডিকে আটক করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে বিবিসি এমন খবর দিয়েছে।
এক অনলাইন পোস্টে বেইজিংয়ের পুলিশ বলছে, ৩৯ বছর বয়সী লি ও ২৯ বছর বয়সী এক যৌনকর্মী তাদের অবৈধ কাজের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কর্তৃপক্ষ।
যদিও পুলিশ এই পিয়ানোবাদকের পুরো নাম প্রকাশ করেনি। তবে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, লি ইউনডি আটক হয়েছেন।
তাকে আটকে বহু ভক্ত ব্যথিত হয়েছেন। তারা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। চীনে তাকে ‘পিয়ানোর রাজপুত্র’ বলে ডাকা হয়।
মাত্র আঠারো বছর বয়সে চীনের কনিষ্ঠ পিয়ানোবাদকের খেতাব পেয়েছিলেন লি। এছাড়া প্রথম চীনা নাগরিক হিসেবে ২০০০ সালে আন্তর্জাতিক চোপিন পিয়ানো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন।
বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে এই পিয়ানোবাদকের। মান্দারিনভাষী মানুষের কাছে তিনি বহুল-উচ্চারিত নাম। চীনা সামাজিকমাধ্যম ওয়েবোতে এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘হে ইশ্বর, আমি এই খবর বিশ্বাস করতে পারছি না। যাকে আমি অনেক বেশি ভালোবাসি, তিনিই কি লি ইউনডি?’
তার এভাবে গ্রেপ্তার হওয়া নিয়ে অনেককে অবাক হতে দেখা গেছে। তার আটকের খবর প্রকাশিত হওয়ার পর চীনা সঙ্গীতশিল্পী সমিতি বলছে, সামাজিকমাধ্যমে লি ইউনডি নেতিবাচক প্রভাব ফেলায় তার সদস্যপদ বাতিল করা হবে।
তার এই আটক অনেক অসৎ শিল্পীদের জন্য সতর্কবার্তা বলে কেউ কেউ মতামত দিয়েছেন। সম্প্রতি চীনা বিনোদন শিল্পে ব্যাপক ধরপাকড় চলছে। চীনা আইন অনুসারে, যৌনকর্মী ভাড়া করলে অন্তত ১৫ দিন কারাদণ্ড ও পাঁচ হাজার ইউয়ান জরিমানার বিধান রয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন