এখনো ভারতের ‘ত্রাস’ আফ্রিদি
তিন বছর আগে ক্রিকেটকে গুডবাই বলে দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি শহিদ আফ্রিদি। কিন্তু তিন বছর পর সেই আফ্রিদিই আবারও ভারতের ‘ত্রাস’ হয়ে ফিরে এলেন। রোববার (২৪ অক্টোবর) শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আফ্রিদির দাপটেই গুটিয়ে গেছে ভারত। শেষমেশ হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
তবে শহিদ আফ্রিদি নন। এদিন শাহীন শাহ আফ্রিদির দাপটেই হার মানল ভারত। টস জিতে ফিল্ডিং করতে নেমে ভারত শিবিরে শুরুতেই আঘাত হানেন আফ্রিদি। প্রথম ওভারের চতুর্থ বলেই রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তান পেসার। গোল্ডেন ডাক দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। এরপরের ওভারে বল হাতে নিয়েই লোকেশ রাহুলকে সরাসরি বোল্ড করেন আফ্রিদি। তার জোড়া আঘাতে অনেকটা চাপের মধ্যে পড়ে যায় টিম ইন্ডিয়া।
আফ্রিদি শেষ দিকে তুলে নেন পাকিস্তানের জন্য ভয়ংকর হয়ে ওঠা কোহলিকেও। উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। ফেরার আগে ৪৯ বলে করেন ৫৭ রান। এদিন কোহলির ৫৭ রানের হাত ধরেই ভারতের ইনিংস শেষ হয় ১৫১ রানে। কোহলি ছাড়াও রিশভ পন্ত ৩০ বলে ৩৯ রান করেছেন। ভারতের বাকি ব্যাটসম্যানরা কেউ ১৫ রানের গণ্ডিও টপকাতে পারেননি।
পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন আফ্রিদি। ৪ ওভারে তিনি রান খরচ করেন ৩১ রান। এদিন দুর্দান্ত বল করে ম্যাচসেরাও হন তারকা এ পেসার।
এদিকে, শাহীনের দুরন্ত বলে ভারতকে গুঁড়িয়ে দেওয়ার পরই আইসিসি তাদের টুইটারে একটি দুই আফ্রিদির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘একই নাম একই নম্বর নতুন যুগ।’
শুধু পাকিস্তানকে জিতিয়ে ম্যাচের সেরা হওয়াই নয়, রোববার আরেকটি অনন্য নজিরও গড়ে ফেলেছেন শাহীন শাহ আফ্রিদি। মোহাম্মদ আমির, শহিদ আফ্রিদিরা যা করতে পারেননি, শাহীন শাহ আফ্রিদি সেটাই করে দেখিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে বিরাট কোহলিকে আউট করতে পেরেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (২৪ অক্টোবর) ভারতকে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হারিয়েছে পাকিস্তান। ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য উদ্বোধনী জুটিতে ১৩ বল হাতে রেখেই পেরিয়েছে বাবর আজমের দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৫১ রানের জবাব উদ্বোধনী জুটিতেই দিয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে পাকিস্তান দুই ওপেনার বাবর আজম ৬৮ ও মোহাম্মদ রিজওয়ান ৭৯ রান করেছেন। দুজনের ইনিংসেই ছিল ৬টি করে চারের মার। রিজওয়ান খেলেছেন ৫৫ বল ও বাবর ৫২ বল।
এন-কে


আপনার মতামত লিখুন