আজ হারলেই কপাল পুড়বে ভারতের
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে ভারতের বিশ্বকাপ স্বপ্ন শুরুতেই ধাক্কা খেয়েছিল। রোববার (৩১ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেই কার্যত আসর থেকে ছিটকে যাবে বিরাট কোহলিরা।
পাকিস্তান এরই মধ্যে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। বাছাই পর্ব থেকে সুপার টুয়েলভে উঠে আসা স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে বাবর আজমদের। কোনো অঘটন না ঘটলে পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত পাকিস্তানের।
অন্যদিকে, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যে দল হারবে, কাগজে-কলমে সেমিফাইনালের রাস্তা খোলা থাকলেও তাদের জন্য অপেক্ষা করবে জটিল সমীকরণ। ভারত যদি আজকের ম্যাচে হারে, তবে লিগের বাকি তিনটি ম্যাচ (আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া) জিতেও সেমিফাইনালের টিকিট হাতে আসা নিশ্চিত নয় কোহলিদের।
সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে বাকি ম্যাচগুলোর (আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া) মধ্যে অন্তত একটিতে হারতে হবে এবং তারপরও নেট রানরেটের জটিল হিসেব তো থাকছেই।
সুতরাং ধরে নেওয়া যায় যে, এই ম্যাচে যে দল হারবে, তাদের সামনে সেমিফাইনালের রাস্তা কার্যত বন্ধ।আর তাই ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিস্থিতির নিরিখে ‘ডু-অর-ডাই’ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে হেরে বসা মানে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাওয়া।
এ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ১৬ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ভারত জিতেছে ৮টি ম্যাচ। নিউজিল্যান্ড জিতেছে ৮টি। সুতরাং, লড়াই আপাতত ৮-৮ সমতায় দাঁড়িয়ে। তবে বিশ্বকাপের মঞ্চে এখনো নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত।
এদিকে, কিউইদের বিপক্ষে নামার আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি বলেন, পাকিস্তানের বিপক্ষে হারের পর নানাভাবে সামালোচনা করা হচ্ছে। আমাদের কিছু ক্রিকেটারকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে, যা খুবই নিম্নমানের কাজ। আমরা মাঠে সব সময় আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করি। প্রত্যক ক্রিকেটার দেশের জন্য সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলে। আমরা আত্মবিশ্বাসী আছি। এবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।
অন্যদিকে, ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া নিউজিল্যান্ডও। এ সম্পর্কে দলের পেসার ট্রেন্ট বোল্ট বলেন, ভারত দারুণ ছন্দে থাকা একটা দল। তাদের বিপক্ষে সব সময় লড়াই কঠিন হয়। আমরা প্রথম ম্যাচ হেরেছি। বিশ্বকাপে ভারতের বিপক্ষে কি রেকর্ড রয়েছে সেটা নিয়ে ভাবছি না। এটা নতুন ম্যাচ। আমরা নতুনভাবে ভাবছি। আশা করি আমরা ঘুরে দাঁড়াব।
এন-কে


আপনার মতামত লিখুন