১০০০ যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়েছে লঞ্চ
মেঘনা নদীর চরে প্রায় এক হাজার যাত্রী নিয়ে আটকা পড়েছে ‘এম ভি শাহরুখ-২’ নামের একটি লঞ্চ।
লঞ্চটি মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল চারটায় বরগুনা নৌবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। দিবাগত রাত তিনটার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে লঞ্চটি চরে আটকে যায়।
আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত লঞ্চটি চরে আটকে ছিল। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ করেন, মেঘনার কালীগঞ্জ চ্যানেল যখন অতিক্রম করছিল তখন অদক্ষ চালক লঞ্চটির সামনের অংশ ডাঙায় তুলে দেন। এতে প্রায় ৭ ঘণ্টা ধরে আটকা পড়ে থাকলেও তারা লঞ্চের কর্মচারীদের কোনো সাড়াশব্দ পাচ্ছেন না। এমনকি তারা কোথায় আছেন, সে হদিসও পাওয়া যাচ্ছে না। ফলে যাত্রীরা সবাই গভীর উৎকণ্ঠার মধ্যে আছেন। এরই মধ্যে যাত্রীদের দুর্ভোগের সুযোগ নিয়ে লঞ্চের ক্যানটিনে খাবারের দাম দ্বিগুণ-তিন গুণ করে নেওয়া হচ্ছে।
কয়েক বছর ধরে শীত মৌসুমে নিয়মিত নাব্যতা–সংকট দেখা দিচ্ছে মেঘনা নদীতে। বিশেষ করে বরিশালের হিজলা উপজেলা ও চাঁদপুরের মধ্যবর্তী মেঘনার বিশাল অংশের নাব্যতা–সংকট ‘মিয়ারচর’ চ্যানেলের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।


আপনার মতামত লিখুন