বাংলাদেশের নতুন সহকারী কোচ হচ্ছেন সালাহউদ্দিন
জানুয়ারির মধ্যে বিসিবি কোচিং প্যানেলে আসছে বড় পরিবর্তন। বিসিবির প্রস্তাবে কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে দেখা যাবে সহকারী কোচের ভূমিকায়। এ ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
এছাড়া ছুটি কাটিয়ে দেশে ফিরলেই ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। ক্যাচ মিসের মহড়ায় চাকরি হারাতে পারেন ফিল্ডিং কোচ রায়ান কুক।
টিম ডিরেক্টর হয়েই রোববার (৭ নভেম্বর) সাত তরুণ ক্রিকেটারকে মাঠে ডাকেন খালেদ মাহমুদ সুজন। সাত ক্রিকেটার হলেন- শান্ত, সাইফ, ইমন, রাব্বি, তৌহিদ হৃদয়, ইয়াসির ও তানভীর। এখান থেকে বেশ কজন খেলতে পারে আসন্ন পাকিস্তান সিরিজেই। এর মধ্য দিয়েই জাতীয় দলে নবীনদের সুযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করল বিসিবি।
এদিকে ২০১৯ শ্রীলঙ্কা সফরের পর এই প্রথম জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন। ডমিঙ্গোর ধারাবাহিক ব্যর্থতায় দেশীদের ওপর আস্থা রাখতে চাচ্ছে বিসিবি। সুজনের অন্তর্ভুক্তি এটাই পরিস্কার করে। প্রতিটি বিশ্বকাপের পরই সব দেশের কোচিং ইউনিটে আসে পরিবর্তন। বিসিবি কি সেই কার্যক্রম শুরু করে দিয়েছে?
বিপিএলে বিদেশি কোচদের ভিড়ে মোহাম্মদ সালাহউদ্দিন বেশ কয়েকবার দলকে চ্যাম্পিয়ন করেছেন। দেশের অন্যতম সেরা এ কোচকে দীর্ঘমেয়াদে পেতে চাচ্ছে বিসিবি। এরই মধ্যে দেওয়া হয়েছে জাতীয় দলের সহকারী কোচের প্রস্তাব। পাওয়ার হিটিং কোচ খুঁজছে বিসিবি। পারভেজ হাসান ইমনকে নাকি এদিন পাওয়ার শট খেলার পরামর্শও দিয়েছেন। তাই দুইয়ে দুইয়ে চার মিলে গেলে চলতি সপ্তাহেই এই অভিজ্ঞ কোচকে দেখা যাবে নতুন ভূমিকায়।
খালেদ মাহমুদ সুজন বলেন, কোচিং প্যানেলে বড় পরিবর্তন হবে। তবে সেটা কোন ফরম্যাটে এখনই বলতে চাচ্ছি না। এছাড়া আমরা চাই সালাহউদ্দিনকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দিতে। দেখা যাক কি হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পুরোপুরি ব্যর্থ। তাকে বাদ দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। ছুটি কাটিয়ে দেশে ফিরলেই এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে আলোচনায় বসবে বিসিবি।
টিম ডিরেক্টর সুজন বলেন, ছুটি কাটিয়ে ফিরলেই তাকে (ব্যাটিং কোচ) নিয়ে বসবো আমরা। কি কারণে সাফল্য পাচ্ছি না, তার কথাও শুনতে হবে। পরে সব দিক বিবেচনা করেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।
স্পিন কোচ রঙ্গণা হেরাথ ও পেস বোলিং কোচ ওটিস গিবসনকে এখনই দাঁড়াতে হচ্ছে না কাঠগড়ায়। তবে বিশ্বকাপে ক্যাচ মিসের ছড়াছড়িতে আতসী কাচের নিচে ফিল্ডিং কোচ রায়ান কুকের পারফরমেন্স।
এন-কে


আপনার মতামত লিখুন