ট্রল করা এখন ফ্যাশন: প্রসেনজিৎ
টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ওপার বাংলার সিনেমার নায়ক হিসেবে শীর্ষস্থানে আছেন। করোনার প্রভাব কাটিয়ে প্রায় দেড় বছর পর কাজে ফিরেছেন তিনি। তার হাতে এখন পরপর কাজ।
ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ‘স্টারডাস্ট’ ওয়েব সিরিজে অভিনয় করছেন প্রসেনজিৎ। কাজে ফেরার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে সিনেমাগুলো কাজ করছি সেগুলো আগেই ঠিক করা ছিল। করোনার কারণে পিছিয়ে গেছিল। এ সিরিজের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়েছে। শারীরিক, মানসিক সব দিক থেকে।’
দেব-জিতের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি একটা ধারণা ভাঙতে চাইছিলাম। সকলে ভাবছিলেন, প্রসেনজিৎ কিছু নির্দিষ্ট লোকের সঙ্গেই কাজ করেন। দেব-জিতের প্রযোজনায় আমার ছবি করাটা ইতিবাচক পদক্ষেপ। একজন সুপারস্টারের ব্যানারে আর একজন সুপারস্টার কাজ করছে, এটাই বলে দিচ্ছে টালিউডের মানসিকতা।’
‘ব্যাংক ড্রাফট’ শিরোনামের একটি বাংলাদেশি সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। প্রসেনজিতের বিপরীতে অভিনয় করবেন সোহানা সাবা। সিনেমাটির ব্যাপারে প্রসেনজিৎ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘কথা চলছে। এর বেশি কিছু আমি জানি না।’
খাবার না পেয়ে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে টুইট করেছিলেন প্রসেনজিৎ। সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। নেটিজেনদের অনেকেই ট্রল করতেও ছাড়েননি। ট্রলের প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘বাস্তব একটা সমস্যা তুলে ধরেছিলাম। ট্রল করা এখন ফ্যাশন। বিষয়ের গভীরতা না বুঝেই ট্রলিং শুরু হয়ে গেল!’
এন-কে


আপনার মতামত লিখুন