পোলিশ সীমান্তরক্ষীদের সঙ্গে শরণার্থীদের সংঘর্ষ
পূর্ব ইউরোপে বেলারুশ ও পোল্যান্ডের সীমান্তে অবস্থান করা শরণার্থীদের সঙ্গে পোলিশ সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
শরণার্থীরা কুজনিচা সীমান্ত ক্রসিং দিয়ে পোল্যান্ডে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পোলিশ সীমান্তরক্ষীরা। এ সময় শরণার্থীরা তাদের লক্ষ্য করে পাথর ছুড়লে জবাবে জলকামান ও টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
শরণার্থীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য আহত হয়েছে বলে জানায় পোল্যান্ডের পুলিশ। এর আগে গত সপ্তাহে প্রথম বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশের জন্য সীমান্তে জড়ো হয় হাজার হাজার শরণার্থী। বেলারুশের বিরুদ্ধে পোল্যান্ডসহ অন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শরণার্থী ঢুকিয়ে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টার অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের।
শরণার্থী অনুপ্রবেশ করানোর অভিযোগে এরই মধ্যে বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
পোল্যান্ডের বিরুদ্ধে উসকানির অভিযোগে সীমান্তে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া ও বেলারুশ। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো সামরিক মহড়ার উদ্যোগ নিল দেশ দুটি। এর আগে, পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমানের টহল দেয় মস্কো। রাশিয়ার দাবি, শরণার্থী সংকট মোকাবিলা না করে বেলারুশের ওপর দায় চাপাতে ব্যস্ত ইউরোপীয় ইউনিয়ন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, শরণার্থী সংকটের জন্য শুধু বেলারুশকে দায়ী করলে চলবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকেও দায়িত্ব নিতে হবে। ফ্রান্সের সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। তারা মিনস্ককে রাজি করাতে আমাদের সহযোগিতা চেয়েছে। কিন্তু শুধু বেলারুশের ওপর বিষয়টি নির্ভর করছে না। অথচ ইইউ দায়িত্ব না নিয়ে বেলারুশের বিরুদ্ধে অবরোধ আরোপ করে আগ্রাসন চালাচ্ছে।
এন-কে


আপনার মতামত লিখুন