টস জিতল বাংলাদেশ
প্রথম ম্যাচ হারের হতাশা ভুলে আবারও মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলায় শনিবার (২১ নভেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। অর্থাৎ টস হেরে টানা দ্বিতীয় ম্যাচে প্রথমে বোলিংয়ে বাবর আজমরা।
আজকের ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে চান টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান।
প্রথম ম্যাচে দারুণ সম্ভাবনা জাগিয়েও জিততে জিততে হেরে যাওয়া। আরও এক হতাশার গল্প সঙ্গী টাইগারদের। এবার প্রত্যাশাটা ঘুরে দাঁড়ানোর। স্বল্প পুঁজি নিয়েও প্রতিপক্ষ শিবিরে যেভাবে কাঁপন ধরিয়ে দিয়েছিল তাসকিন-মেহেদীরা, তাতে পাস মার্ক তারা পেতেই পারেন।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে রিয়াদের জন্য স্বস্তি যদি হয় বোলিং, তবে অস্বস্তির নাম ব্যাটিং। কিছুতেই যেন বাগে আসছে না তা। পরিবর্তন তত্ত্বে সৌম্য-লিটন-মুশফিকদের ছাঁটাইয়েও আসেনি প্রত্যাশিত সাফল্য। ব্যর্থ শান্ত-সাইফরা।
তবে আজকের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। যদিও ধারণা করা হচ্ছিল মিডল অর্ডারের শক্তি বাড়াতে অভিষেকের হতে পারে ইয়াসির রাব্বির। তবে সেটা হয়নি।
অন্যদিকে প্রথম টি-টোয়েন্টিতেই আনপ্রেডিক্টেবল পাকিস্তান জানান দিয়েছে তাদের শক্তিমত্তা। বাবরের এই দলটা আছে দারুণ ছন্দে। চাপের মুহূর্তেও কার্যকর তাদের টেলএন্ডার। তবে এবার ওপরের সারির ব্যাটারদের কাছ থেকেও তুমুল প্রতিরোধ চান বাবর। সিরিজ নিশ্চিত করতে চান এক ম্যাচ হাতে রেখেই।
আরও পড়ুন : পাকিস্তান দাপটের সঙ্গে না জেতায় আশাহত শোয়েব
বাবর আজম বলেন, মিরপুরে ব্যাট করাটা কখনোই সহজ নয়। তবে ছেলেরা প্রত্যাশা পূরণ করেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রত্যাশা করছি টপ অর্ডারও ভালো করবে। বোলারদের নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। এ ম্যাচেই সিরিজ নিশ্চিত করে শেষ টি-টোয়েন্টি নির্ভার হয়ে খেলতে চাই।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা হাসান আলিকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শাহিন শাহ আফ্রিদিকে।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব এবং মুস্তাফিজুর রহমান।
পাকিস্তানের একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, খুশদিল শাহ, শোয়েব মালিক মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি।
এন-কে


আপনার মতামত লিখুন