ছেলেকে নিয়ে প্রকাশ্যে শ্রেয়া ঘোষাল
প্রায় ১০ বছর চুটিয়ে প্রেমের পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বন্ধু শিলাদিত্য মুখার্জিকে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। চলতি বছর ২২ মে পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি জানিয়েছিলেন সংগীতশিল্পী নিজেই।
সন্তান জন্মের ১৩ দিনের মাথায় তাকে প্রকাশ্যে এনেছিলেন শ্রেয়া। তখন জানিয়েছিলেন ছেলের নাম। ছবি পোস্ট করে শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি- দেবযান মুখার্জি। ২২ মে এসেছে এবং আমাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছে। জন্মের সময় প্রথম দেখাতেই আমাদের মন ভরিয়ে দিয়েছে, এমন ভালোবাসায় যা শুধু একজন মা কিংবা বাবাই অনুভব করতে পারেন। একেবারে নিখাদ অফুরন্ত অনবদ্য এই ভালোবাসা।’
এবার ছেলে দেবযানকে আবারও প্রকাশ্যে এনেছেন এ তারকা। ছয় মাস বয়স হয়েছে দেবযানের। মায়ের কোলে অবাক চোখে চারপাশে দেখতে ব্যস্ত সে। মুখে স্বর্গের হাসি, তা দেখে তৃপ্ত শ্রেয়া। গায়িকার শেয়ার করা ছবিগুলোতে এমনটাই লক্ষ করা গেছে।
ছেলের ছয় মাস উপলক্ষে তার জন্য দোয়া চেয়েছেন শ্রেয়া। এর আগে ছেলের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘সৃষ্টিকর্তা আমাদের একটি পুত্রসন্তান উপহার দিয়েছেন। এটি অন্যরকম এক অনুভূতি, যা আগে কখনো হয়নি। শিলাদিত্য, আমি আর আমাদের পরিবার খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট সদস্যকে আশীর্বাদ ও ভালোবাসা দেওয়ার জন্য।’
এর আগে ৪ মার্চ বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন শ্রেয়া। বিয়ের ৬ বছর পর প্রথম সন্তান জন্ম দেওয়ায় বেশ উচ্ছ্বসিত এ গায়িকা। ধারণা করা হচ্ছিল তাদের প্রথম সন্তানের নাম হতে পারে ‘শ্রেয়াদিত্য’। কারণ বেবি বাম্পের ছবি প্রকাশ করে হ্যাশট্যাগ দিয়ে ‘শ্রেয়াদিত্য’ লিখেছিলেন তিনি। কিন্তু তা আর হয়নি। শ্রেয়া-শিলাদিত্য দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে দেবযান মুখার্জি।
এন-কে


আপনার মতামত লিখুন