কুমার শানুকে নিয়ে মুখ খুললেন তার মেয়ে
জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর মেয়ে শ্যানন কুমার শানু। হিমেশের সঙ্গে ‘আজা’ গানটি করে আলোচনায় এসেছেন। ভারতে জন্ম হলেও তিনি বর্তমানে আমেরিকান গায়িকা।
বর্ণবিদ্বেষ, পরিবারিক সমালোচনা বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন শ্যানন। এক সাক্ষাৎকারে বলেন, ‘বাবা আমার সংগীতগুরু। আমার গান পছন্দ হলে প্রশংসা করেন। আবার দরকার পড়লে ধমক দেন। ভুল শুধরেও দেন। আমি বাবার কথা শুনে চলি। জীবনের বহু ক্ষেত্রে বাবা এমন কিছু পরামর্শ দিয়েছেন, যা ভীষণ কাজে লেগেছে। বাবা মাঝে মাঝে আমার গান শুনে খুব বিস্মিত হন। বাবা কিন্তু আমার গাওয়া সমস্ত গান শোনেন। আমিও প্রত্যেকটা গান রেকর্ড করার পরে বাবাকে শোনাই।’
৯০ দশকের কুমার শানু হিন্দি গান শুনেই বড় হয়েছেন শ্যানন। তখনকার গানে প্রাণ ছিল উল্লেখ করে ‘মেলোডি কিং’র মেয়ে বলেন, ‘বাবার সেই সময়কার গান শুনে, সেই যুগের সঙ্গে একাত্ম হতে সময় লাগে না। ৯০ দশকে তাবড় জনপ্রিয় গায়ক-গায়িকা ছিলেন! তাদের সুরেলা গলায় ওই মিষ্টি গানগুলো শুনতে কার না ভালো লাগবে! তখনকার গানে তাই প্রাণ ছিল।’
বলিউডে গান গাওয়ার ইচ্ছে আছে? এমন প্রশ্নের উত্তরে শ্যানন বলেন, ‘আমি ভারতবর্ষে জন্মেছি। এ দেশের মানুষদের ভালোবাসি। হিন্দি গান গেয়ে তাদের মনের কাছাকাছি পৌঁছাতে চাই। কিন্তু একইসঙ্গে লস অ্যাঞ্জেলস ছেড়েও যেতে চাই না। এখানে কাজ করতেও ভালোবাসি।’
হলিউডে জায়গা করে নিতে লড়াই করতে হচ্ছে শ্যানন কুমার শানুকে। তার কারণ দুটি, প্রথমত আমেরিকা তার দেশ নয়। দ্বিতীয় শ্যাননের গায়ের রং শ্যামলা। বর্ণ বৈষম্যের কারণে তার লড়াইটা কঠিন হয়ে পড়েছে। তবুও নিজের আলাদা অবস্থান করে নিয়েছেন এ গায়িকা।
বাংলা গান শোনা হয়? উত্তরে শ্যানন বলেন, ‘অবশ্যই! বাবার গাওয়া একাধিক বাংলা গান শুনেছি আমি। বাংলা গানে একটা মিষ্টত্ব আছে। তা ছাড়া যে মাটিতে আর ডি বর্মণ, কিশোর কুমারের জন্ম, সে মাটির, সে ভাষার গান গাইতে চাই খুব তাড়াতাড়ি।’
এন-কে


আপনার মতামত লিখুন