অ্যাশেজে সমালোচনাকে প্রাধান্য দিচ্ছেন না ইংলিশ ক্রিকেটার
আসন্ন অ্যাশেজ সিরিজে মাঠের বাইরের সমালোচনা নয়, প্রাধান্য পাবে খেলা; এমনটি মনে করেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। সবসময় যেমন এই টেস্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবারো তেমনটাই হবে বলে মত তার। দলের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে এবারের অ্যাশেজে ভালো করার প্রত্যাশা এই ইংলিশ পেসারের।
ক্রিকেটে যে কয়টি মর্যাদাপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে অ্যাশেজ তার মধ্যে অন্যতম। প্রতিবারই অ্যাশেজ শুরুর আগে ম্যাচ নিয়েই বেশি আলোচনা হয় গণমাধ্যমে। তবে এবার খেলা ছাপিয়ে সব আলোচনার কেন্দ্রে বর্ণবাদ, যা আজিম রফিক তুলেছেন ইংলিশ অধিনায়ক জো রুটের বিরুদ্ধে।
অ্যাশেজ শুরুর আগে এসব সমালোচনা মাঠের খেলায় প্রভাব ফেলবে কিনা তা জানতে চাইলে ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস জানান, এ বিষয়গুলো একেবারেই ব্যক্তিগত। যার প্রভাব মাঠে পড়বে না বলেই বিশ্বাস তার। ওকস বলেন, আমি মনে করি, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ক্যাম্পে যেসব স্ক্যান্ডাল ছড়াচ্ছে সেগুলো একান্তই ব্যক্তিগত। এগুলো নিয়ে সমালোচনার কিছু নেই। ক্রিকেট খেলা তখনই ভালো হবে, যখন আমরা এসব বিষয় একপাশে রেখে মাঠের খেলায় মনোযোগী হব। আর আমার বিশ্বাস এমন কিছুই হবে।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার এই টেস্ট সিরিজ সবসময় বাড়তি উত্তেজনা তৈরি করে ক্রিকেট সমর্থকদের মাঝে। এবারো তেমন কিছুই হবে বলে মনে করেন ক্রিস ওকস। এই অলরাউন্ডারের ভাষ্যমতে, যা কিছুই হোক না কেনো, অ্যাশেজ সিরিজ সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অন্যরকম এক উত্তেজনা তৈরি করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। আমার খেলা তিনটি অ্যাশেজ সিরিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, মাঠে স্লেজিং কখনোই এমন পর্যায়ে যায়নি যেটার প্রভাব ম্যাচে পড়তে পারে। তাই আমার কাছে মনে হয়, এবারো অ্যাশেজ সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং সবাই তা উপভোগ করবে।
হাতে আর এক সপ্তাহও সময় নেই। তাই অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন ওকস। দলের অভিজ্ঞদের সমন্বয়ে এবারের অ্যাশেজে ভালো কিছু করবে থ্রি লায়নরা- এমনটি প্রত্যাশা এই পেসারের। এ সম্পর্কে ওকস বলেন, ভালো একটা ফলাফল পেতে অনেক সময় খেলার ধরণ পরিবর্তন করতে হয়। এটা স্বাভাবিক বিষয়। অস্ট্রেলিয়ার উইকেট আলাদা, কন্ডিশনও আলাদা। আমাদের মধ্যে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে যাদের এই উইকেটে অভিজ্ঞতা আছে। আর এসব কাজে লাগিয়েই আমরা এবারের অ্যাশেজে ভালো কিছু করব।
উল্লেখ্য, আগামী বুধবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হবে কাঙ্ক্ষিত ও মর্যাদার অ্যাশেজ সিরিজ।
এন-কে


আপনার মতামত লিখুন